কলকাতা : একটু পরেই তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ। এক সঙ্গেই রাজ্যের ২৯৪ টি কেন্দ্রের প্রার্থীদের নাম সামনে আনবে তৃণমূল। তালিকা প্রকাশ হবে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই। কিন্তু তার ঠিক কয়েক ঘণ্টা আগে আরও নতুন মুখ তৃণমূলে। তাঁদের কেউ ক্রীড়াজগতের পরিচিত মুখ, কেউ আইনের জগতের মানুষ । আবারও একবার তাঁদের মুখে শোনা গেল উন্নয়নের যাত্রায় শামিল হওয়ার ইচ্ছের কথা। 

Continues below advertisement

মঙ্গলবার দুপুরের পরেই তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ। তার আগেই ঘাসফুল শিবিরে নতুন সদস্য । দলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল।  বাংলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। ডানহাতি ফাস্ট বোলার শিবশঙ্কর বাংলা ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০০-০১ সাল থেকে শুরু। খেলেছেন ভারতীয়-এ দলেও। বর্তমানে যুক্ত ক্রিকেট প্রশিক্ষণের সঙ্গে।  পরিচালনা করেন নিজস্ব একাডেমিও। 

কে কে আজ যোগ দিলেন?

Continues below advertisement

অন্যদিকে এদিন তৃণমূলে যোগ দিলেন শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা, মুহম্মদ আব্দুল মতিন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক। তৃণমূল সূত্র বলছে, তনুশ্রী হাঁসদা কলকাতার হেরম্ব চন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা করছেন।  'অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশন'-সহ সাহিত্য জগতে ও সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত তিনি। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জুড়ে তৃণমূল স্তরে তিনি কাজ করে থাকেন।   

তৃণমূল সূত্র বলছে, মহম্মদ মুফতি আব্দুল মতিন বা 'মতিন সাহেব'  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ জুড়ে ৮৬টি মাদ্রাসার সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘকাল ধরে সমাজসেবা এবং শিক্ষার প্রসারের সঙ্গে যুক্ত। 

এছাড়া মঙ্গলবারই ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে  তৃণমূলে যোগ দেন মঙ্গল সোরেন। তিনি আইনবিদ। 

সাম্প্রতিক অতীতে কারা যোগ দিয়েছেন?            

কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন কার্শিংঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তারপর ঘাসফুল শিবিরে নাম লেখান সিপিএমের প্রতীক উর রহমান। এছাড়াও হালেই তৃণমূলে যোগ দিয়েছেন দীপেন্দু বিশ্বাস। ৫ বছর পর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরেন বিজেপিতে চলে যাওয়া তৃণমূলের একসময়ের বিধায়ক। বসিরহাটের দলীয় কার্যালয়ে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই বসিরহাটে তৃণমূলে যোগদান করেন আরও ২৭ জন জনপ্রতিনিধি। যার মধ্যে রয়েছে কংগ্রেস ও বিজেপির একাধিক মুখ।