কলকাতা : ২০২১-এ নন্দীগ্রামের পর ২০২৬-এ ভবানীপুরে মুখোমুখি লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। গতবার জিতেছিলেন শুভেনদু অধিকারী। এবার কী হবে? এই প্রশ্নই এখন লোকের মুখে মুখে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভবানীপুরে। ফল জানা যাবে চৌঠা মে। আর ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে। সেই কেন্দ্রে আগেই মনোনয়ন জমা করেছেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। এবার ভবানীপুরে তিনি মনোনয়ন পেশ করবেন। শোনা যাচ্ছে, এদিন বিরাট ব়্যালি করে মনোনয়ন জমা করবেন শুভেন্দু। তাঁর হয়ে ব়্যালি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে কি এবার বিজেপির প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী-মুখ শুভেন্দু অধিকারীই? এই প্রশ্নই এখন মানুষের মনে। একই প্রশ্ন রাখা হয়েছিল, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছেও। তিনি কী বললেন? 

Continues below advertisement

শুভেন্দুর মুখ্যমন্ত্রী-মুখ বিজেপির? 

দিলীপ ঘোষ জানালেন, বিজেপি কোনওদিন মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে ভোটে লড়ে না। তাঁর মতে, যা ঠিক করে, পার্টিই ঠিক করে।  যা হবে ভোটের ফলাফল দেখে হবে। দিলীপ ঘোষের বক্তব্য,  সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন। আর কে মুখ্যমন্ত্রী হবেন, তাও দলই ঠিক করে। হয়ত এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হয়, যাঁর মুখ মানুষ চেনে না। তাই এখনই এ বিষয়ে মন্তব্য করা যাবে না। 

Continues below advertisement

কিন্তু এবার ভবানীপুরো কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারবেন শুভেন্দু অধিকারী? দিলীপের স্পষ্ট উত্তর, 'ভবানীপুরে গুজরাতির সংখ্যা প্রচুর। ওঁরা জানেন গুজরাত কীভাবে এগিয়ে যাচ্ছে। আর বাংলা কীভাবে নরক হয়ে গেছে। ' তাই শেষমেষ মানুষের উপরই ভরসা রাখছেন দিলীপ। বলছেন, 'যা করবে মানুষ করবে। আমরা মানুষের সঙ্গে আছি। '            

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী  মনোনয়ন জমা দেবেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে যাবেন। তার থেকেই অনেকের ধারণা হয়ত শুভেন্দুই বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী-মুখ।  বিজেপি তার অঘোষিত নীতি অনুসারে আসন্ন নির্বাচনের জন্য কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে আনেনি। তবে ভবানীপুর আসনের জন্য শুভেন্দু যখন মনোনয়ন জমা দেবেন,  শাহ তাঁর সঙ্গে থাকবেন। বিশাল শোভাযাত্রায় অংশ নেবেন। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, মনে করছেন অনেকেই।  অমিত শাহ বুধবার রাতে কলকাতায় পৌঁছবেন বলে মনে করা হচ্ছে।