কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান- বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'। এলাকায় পুলিশকে ঢুকতে অনুমতি নিতে হবে হুঁশিয়ারী কাউন্সিলারের।
বর্ধমান পুরসভার ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ু গোপাল ভকতের সাথে পুলিশকর্মীর বচসা এখন রাজনৈতিক চর্চার তুঙ্গে।
গভীর রাতে ২২ নং ওয়ার্ডের বালামহাটে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
তার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসেন তৃণমূল কাউন্সিলর নাড়ু গোপাল ভকত। বর্ধমান শহরের বালামহাট এলাকার বাসিন্দা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
মহাদেব মালের অভিযোগ, মঙ্গলবার বর্ধমান দক্ষিনের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র এলাকায় প্রচারে গেলে তিনি তাঁর সাথে এলাকায় প্রচারে পা মেলান এবং বাড়িতে বিজেপি কর্মীদের খাবারের ব্যবস্থা করেন। অভিযোগ, এরপরই রাতে তৃণমূলের লোকেরা তার বাড়িতে হামলা চালায়। বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
কী কথোপকথন হয়েছে সেখানে দেখুন-
পুলিশ- পুলিশ এখানে আসবে আপনার পারমিশন নিয়ে না কি?
তৃণমূল কাউন্সিলর- ইয়েস। এটা আমার এলাকা।
পুলিশ- একদমই না। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে। আপনাকে কেন কৈফিয়ত দিতে যাব। আগে সঠিক নিয়ম জানুন । এরপর আরও বেশি বেশি পুলিশ থাকবে।
তৃণমূল কাউন্সিলর- তাই? আমি দাঁড়িয়েই আছি। দেখি কে কী করতে পারে। দেখি অ্যারেস্ট করুন আমাকে।
পুলিশ- বিজেপি নেতা নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। সেখান থেকেই আমাদের পাঠানো হয়েছে। আপনারাও অভিযোগ করুন।
তৃণমূল কাউন্সিলর- আমরা অভিযোগ করি না, উন্নয়ন করি। একটুকুতে এত পুলিশ আসছে কেন?
