বাংলায় ভোটের বাদ্যি। এবার প্রার্থী তালিকা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এ ছাড়াও ইস্তেহারও প্রকাশ করে ফেলেছে তৃণমূল। এ ছাড়াও রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ভোটের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Police)। আগামীতে আরও বাহিনী আসতে চলেছে। ফলে, কলকাতা ও গোটা পশ্চিমবঙ্গের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। আগামী ৩১ মার্চের আগেই রাজ্যে চলে আসবে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আর এবার নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি তৈরি হয়েছে। এই জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি তৈরি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানা গিয়েছে আগামিকাল দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (Office Of CEO) বৈঠকে বসবে এই কমিটি। সেখানেই এই কমিটি ঠিক করবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কীভাবে বাহিনী কাজ করবে।
এই কমিটিতে রয়েছেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের নোডল অফিসার আনন্দ কুমার। এ ছাড়াও এই কমিটিতে রয়েছেন Central Reserve Police Force - এর IG ও স্টেট ফোর্স কো - অর্ডিনেটর শলভ মাথুর। এ ছাড়াও এই জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটিতে রয়েছেন স্টেটCentral Armed Police Forces কো অর্ডিনেটর গৌরব শর্মাও।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই কমিটির সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল নিজে। এ ছাড়াও থাকবেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত।
এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা জেলা কো-অর্ডিনেটর এবং পুলিশ। এই 'ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম' ২৪ ঘণ্টা কাজ করবে। এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। বুথের বাইরেও চলবে নজরদারি। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। কমিশন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯টি বুথের ভিতর ও বাইরে মিলিয়ে ২ লক্ষ সিসি ক্যামেরা ও ওয়েবক্যামে চলবে নজরদারি। কমিশন স্পষ্ট করে দিয়েছে, কোনও বুথে ওয়েবকাস্টিং আধঘণ্টার বেশি বন্ধ থাকলেই সেখানে পুনর্নিবাচন করতে হবে। পাশাপাশি FST ও QRT গাড়িতে ৩৬০ ডিগ্রি PTZ ক্যামেরা-সহ লাইভ স্ট্রিমিং চলবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হবে বডি ক্যামেরা। সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কমিশনের কন্ট্রোল রুমে।
