অনির্বাণ বিশ্বাস, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন। সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের উদ্দেশে নির্বাচন কমিশনের বার্তা, আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অশান্তি এড়াতে 'রেড জোন'
ভাঙড় থেকে উদ্ধার প্রায় ১০০ বোমা, কাঁচরাপাড়া থেকে বোমা উদ্ধার, জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে 'বোমবাজি'..দ্বিতীয় দফার ভোটের আগে কোথাও বোমাবাজির অভিযোগ উঠল! তো কোথাও উদ্ধার হল তাজা বোমা... এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটে বেশকিছু স্ট্র্য়াটেজিও বদলাচ্ছে কমিশন। অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন।
প্রথম দফায় ভোটে বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষ্মণরেখা টেনে দিয়েছিল কমিশন। আর দ্বিতীয় দফায়, কমিশনের তৈরি এই রেড জোনে থাকছে, তাতে রয়েছে, ভাঙড়, ব্য়ারাকপুর, খানাকুল, কাকদ্বীপ, আরামবাগের মতো এলাকা। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, 'প্রথম দফার মতোই দ্বিতীয় দফায় পরিকল্পনা আছে। অতিরিক্ত ফোর্স নিয়ে অতিরিক্ত এরিয়া ডমিনেশন হবে। আমাদের মোট ২৫০০ কোম্পানি (কেন্দ্রীয় বাহিনী) আছে। ২৫০০ কোম্পানির মধ্যে প্রায় ২২০০-২৩০০ তো থাকবেই দ্বিতীয় দফার ভোটে।'
কী কী নিয়মে পরিবর্তন?
দ্বিতীয় দফার ভোটের আগে সাজোঁয়া গাড়ির এই ছবি পোস্ট করেছেন সিআরপিএফ-এর ডিজি জি পি সিং। দ্বিতীয় দফার ভোটেও থাকছে ড্রোনে নজরদারি। বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বডিক্য়াম বা শরীরের সঙ্গে লাগানো ক্য়ামেরার সংখ্যা। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে সব ডেপুটি কমিশনার, জেলার পুলিশ সুপার, মহকুমা ও থানা স্তরের ওসি-আইসিদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও এলাকায় বিস্ফোরক মজুত, বোমা উদ্ধার বা ভয় দেখানোর উদ্দেশ্যে বেআইনি কার্যকলাপের খবর মিললে সংশ্লিষ্ট থানার কর্তাদের সরাসরি দায় নিতে হবে। সূত্রের খবর, কমিশনের বার্তা, আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও কোনও ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ওসি বা আইসিকে নজিরবিহীন প্রশাসনিক পরিণতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: Deepika Padukone: কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, 'প্রশাসনের থেকে, নির্বাচন কমিশনের থেকে কাউকে ভোট আটকাতে দেব না। যে এটা ভুলভ্রান্তি আছে বলে আটকে দেব, ও নিজেই আটকে যাবে।' দ্বিতীয় দফায় ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে! যে ভাঙড় গত পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্ত হয়ে উঠেছিল! বোমা, গুলি, সংঘর্ষ, রক্তারক্তি বাদ যায়নি কিছুই! ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ যায় ৭ জনের। এই প্রেক্ষাপটে এবার ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্পর্শকাতর এলাকায় বাড়তি নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় চলছে নাকা চেকিং...রাতভর টহলদারি...সূত্রের খবর, সব ধরনের বিস্ফোরক ও বেআইনি অস্ত্র উদ্ধার করে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের ভয় দেখানো, গোলমাল পাকানোর অভিযোগে, শুধু শনিবার রাতেই ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
