কলকাতা : ভোটের মুখে উত্তর কলকাতার রাজাবাজারের কাছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার। ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী সপ্তাহেই ভোট শুরু পশ্চিমবঙ্গে। ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। আজ ১৮ এপ্রিল। ভোটের বাকি আর মাত্র ৪ দিন। এর মধ্যেই ফের আবারও অস্ত্র উদ্ধার হল শহর কলকাতায়। ভোটের আগে এভাবে কলকাতা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় ফের নিরাপত্তায় নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রথম নয়, বিগত কয়েকদিন বেশ কয়েকবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র এবং টাকা উদ্ধার হয়েছে। ফলে বারংবার শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কয়েকদিন আগে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত পাকড়াও হয়েছে বিহারের নালন্দার এক বাসিন্দা। সম্প্রতি হাওড়া স্টেশনে কাছে উদ্ধার হয়েছে প্রায় ৪৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ লক্ষ টাকা) এবং ৩২ লক্ষের বেশি টাকা। এই ঘটনায় হাওড়ায় আটক হয়েছেন বারাণসীর ২ বাসিন্দা। অন্যদিকে, জোড়াসাঁকোয় উদ্ধার হয়েছে ১৮ লক্ষ টাকা।
বালিগঞ্জের কাছে উদ্ধার বিপুল পরিমাণ টাকা
ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে গতকাল রাতে SST-র নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে ২৫ লক্ষ উদ্ধার হয়। তবে কী কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে যথাযথ কারণ না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। অন্য়দিকে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল, ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে সেদিন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। সেই দিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা হবে ৪ মে। এবার শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আর তাই শহর থেকে শহরতলি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। একাধিক জায়গায় নাকা চেকিংয়ে উদ্ধার হচ্ছে টাকা। কোথাও বা পুলিশ উদ্ধার করছে অস্ত্র। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একত্রিত হয়ে কাজ করছে, মিলছে সাফল্যও। ভোটের আগে কোথা থেকে শহর এবং সংলগ্ন এলাকায় এত অস্ত্র এবং টাকা আসছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কী করা হত, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেইসব নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন।
