কলকাতা: গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথ। কলকাতায় এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে কলকাতায় এলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। 

Continues below advertisement

এই হাইভোল্টেজ শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের ময়দানে সস্ত্রীক হাজির কৌস্তভ বাগচী। গোটা প্রচারে সবসময়ই সঙ্গে ছিল স্ত্রী, তাই এই ঐতিহাসিক দিনেও স্ত্রীকে নিয়েই অনুষ্ঠানে এসেছেন, এদিন এবিপি আনন্দকে এমনটাই জানালেন আইনজীবী তথা ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।

এদিন কৌস্তভ জানালেন, 'আমি চাইছিলাম আজ সাদা পাঞ্জাবি-পাজামা পড়ে আসতে। কিন্তু এই জামাটা আমার এক স্যার দিয়েছেন। আমার স্ত্রী বলল এটাই পরে আসতে। তাই এই গেরুয়া-কমলা রঙা পাঞ্জাবিই পড়ে এসেছি।' 

Continues below advertisement

আরও পড়ুন, 'অভয়া যেন বিচার পায়, আর...' মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু, এদিন ছেলের কাছে কী কী চাইলেন তাঁর মা?

নতুন বিধায়কের কাছে প্রথম দাবি কী কৌস্তব পত্নির? কৌস্তভের স্ত্রীর কথায়, 'পশ্চিমবঙ্গে যে শান্তিশৃঙ্খলা চলে গেছে ও যেন সবার সঙ্গে থেকে শুভেন্দুদার নেতৃত্বে সেই শান্তিশৃঙ্খলা আবার ফিরিয়ে আনে। একজন নাগরিক হিসেবে এটা আমার প্রথম দাবি।'                                                                                          

এত গেল বিধায়কের কাছে দাবি। কিন্তু বরের কাছে কী দাবি? কৌস্তভের স্ত্রী বলেন, 'যতটুকু সময় ছিল সেটাও কমে গেছে। অনেক খাটাখাটনি গিয়েছে। দুটো দিন ও আর আমি একটু কোথাও ঘুরে আসতে চাই।' যদিও কৌস্তভ জানিয়ে দেন, 'সেটা হয়তো এখন সম্ভব হবে না। আমি ওঁর ইচ্ছেকে মর্যাদা দিচ্ছি। কিন্তু জানি না এই দুটো দিন কবে পাব।'

ঐতিহাসিক এই দিনে আজকের অনুভূতি কেমন? কৌস্তভের কথায়, 'অত্যন্ত আনন্দের। অত্যন্ত শিহরণের। এতদিনের লড়াই এবার সফলতা পেল।' 

এরপর কৌস্তভের চুল নিয়ে এতদিনের কটাক্ষের এবার পাল্টা ব্যঙ্গ করলেন স্ত্রী। তিনি বলেন, 'এত ব্যস্ততার মধ্যে কৌস্তভকে চুল কাটতে হচ্ছে না, অনেকটা সময় বেঁচে যাচ্ছে এখন। ১০ দিন পর আবার পুরনো কৌস্তভ বাগচীকে দেখতে পাবেন দর্শকরা।'