কলকাতা : ভোটের মুখে এক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভার পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাসের সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীদের সঙ্গে এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে।
চ্যাটের প্রিন্ট আউট নিয়ে সাংবাদিক বৈঠক
বুধবার তৃণমূল ভবন থেকে একটি সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ দাবি করেন, সোমবার ডায়মন্ড হারবারের একটি হোটেলের ঘরে বসে পি এস পুরুষোত্তম দাসের সঙ্গে বৈঠক হয় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের । কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। একটি হোয়াটস অ্যাপ চ্যাট দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেন তিনি । হাতে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্ট আউট ও ভিডিও নিয়ে বললেন, আগেও বলেছিলাম, প্রমাণ দেখাব, দেখালাম !
কী দেখা গেল ভিডিওয় ?
তৃণমূলের দেখানো ভিডিওয় দেখা গিয়েছে ...হাতে ফাইল নিয়ে ঢুকছেন কয়েকজন। ভেতরে বসে তিনজন। দু'জন ঢুকতেই উঠে দাঁড়ালেন সেই তিনজন। তৃণমূলের দেখানো ভিডিওয় এরপর দেখা যায়, পাঁচ জনের মধ্যে ২ জনের পরনে পুলিশের পোশাক। প্রথম দফা ভোটের আগের দিন এই ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করল, ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাস নির্বাচনী বিধি ভেঙে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
তৃণমূলের তরফে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, 'পুলিশ অবজার্ভার, ডায়মন্ড হারবার। সাগরিকা হোটেল ২০৮ নম্বর ঘর। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি ১৪২ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্য়ক্তিগত বৈঠক করছেন। এবার একই জিনিস উনি করেছেন ১৪৩ ডায়মন্ড হারবার বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে। বিজেপি প্রার্থী এবং বিজেপি এজেন্টদের সঙ্গে তাঁদের এত কীসের বৈঠক?'
অবজার্ভাররা বিজেপি হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন : TMC
তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপি হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। প্রশ্ন উঠছে বিজেপির সঙ্গে পুলিশ অবজার্ভারের কী নিয়ে বৈঠক হয়ে থাকতে পারে! কুণাল ঘোষের দাবি, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এখন অভিযোগ করছেন পর্যবেক্ষকরাই। কুণালের দাবি, ওই পুলিশ পর্যবেক্ষককে থাকার জায়গা দেওয়া হলেও, প্রোটোকল ভেঙে তিনি আছেন ডায়মন্ড হারবারের হোটেলে।
বিজেপি কী বলছে ?
অন্যদিকে এই বৈঠক নিয়ে বিজেপি প্রার্থীদের দাবি, ওই বিধানসভা এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও তাঁরা সাহায্য পাননি। তাই অভিযোগ জানাতে পুলিশ অবজ়ার্ভারের সঙ্গে কথা বলেন তাঁরা।
