কামারহাটি : মদন মিত্রের প্রচারে গ্যাস-সঙ্কটের প্রতিবাদ। সিলিন্ডারকে বউ সাজিয়ে পালকিতে করে ভোট প্রচার। কামারহাটির ২৮ নম্বরে ওয়ার্ডে প্রচার করলেন এবারের বিধানসভা নির্বাচনে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। পালকিতে গ্যাস সিলিন্ডারকে বউ সাজিয়ে বরণ করে কামারহাটিতে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। সাধারণ মানুষ যেভাবে রান্নার গ্যাসের জন্য হয়রান হচ্ছেন, তা জনসমক্ষে তুলে ধরতেই এমন অভিনব প্রচার তাঁর। সেখানে বাজল ঢাক, ডিজে। ফুল-আলোয় সাজানো হয়েছিল পালকি। মিছিল থেকে স্লোগান উঠেছিল 'একদম কেঁদো না, কামারহাটি পাবে না। মোদিবাবু কেঁদো না, কামারহাটি পাবে না।' হলুদ পোশাক পরা চারজন বেয়ারা নিয়ে যাচ্ছিলেন পালকি। ভিতরে লাল ভেলভেটে মোড়া সিটে শোওয়ানো ছিল একটি গ্যাস সিলিন্ডার। সব মিলিয়ে কামারহাটিতে মদন মিত্রর প্রচার ছিল জমজমাট।
পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দু'দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। আর ৪ এপ্রিল মোট গণনা। ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মদন মিত্র। প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ চলছে প্রায় একমাস ধরে। এর জেরে অনেকদিন হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল ইরান। তার জেরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানির। সেই সূত্রেই গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। গৃহস্থের গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে আগের চেয়ে বেশ কিছুটা বেশি দামে। কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে বিষয়টা আরও সমস্যাজনক। অনেক সময়েই গ্যাস পাওয়া যাচ্ছে না, পেলেও যথেষ্ট দাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের। গ্যাসের এই দাম বৃদ্ধিকে হাতিয়ার করেই এবার কামারহাটিতে অভিনব প্রচার করলেন মদন মিত্র।
এবার ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলেরই প্রার্থীদেরই অভিনব কায়দায় প্রচার করতে দেখা গিয়েছে। কেউ ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন। কেউ রুটি বেলেছেন। কেউ চাষের জমিতে নেমে আলু তুলেছেন। কেউ লাঙল চালিয়েছেন। কেউ বা সেলুনে ঢুকে চুল কেটে দিয়েছেন। ভোটারের বাড়িতে মশলা বাটা, খাবার খাওয়া, ঘুঁটে শুকানোয় সাহায্য করা, ভোটারকে কোলে তুলে নাচ করা, সবুজ সাথীর সাইকেলে চড়ে প্রচার। বিনা পয়সায় ভোটারের চিকিৎসা করা - তালিকায় রয়েছে সবই। ভোট বড় বালাই। আর তাই ভোটারদের মনজয় করতে অভিনব প্রচারে মন দিয়েছেন অনেক প্রার্থীই।
