আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১০ সেকেন্ড লোডশেডিং হলে, ৫০টা EVM বদলে দেওয়া হতে পারে। ভোট গণনার আগে এমনই আশঙ্কা করে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২০০-র বেশি আসনে তৃণমূল জিতবে বলেও দাবি করলেন তিনি। সার্টিফিকেট না নিয়ে কাউন্টিং টেবিল ছাড়বেন না। নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল'। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি...তার আগে শনিবার, দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'পরিবর্তন', না 'প্রত্যাবর্তন'? কোনদিকে রায় দিয়েছে পশ্চিমবঙ্গবাসী? তা স্পষ্ট হবে সোমবার। তার আগে স্ট্রংরুম নিয়ে চরমে পৌঁছেছে স্নায়ুযুদ্ধ। সাখাওয়াত মেমোরিয়ার গার্লস হাইসকুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা থেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
কাউন্টিংয়ের আগে মমতা-অভিষেকের সতর্কবার্তা!
এই আবহে গণনাতেও এতটুকু ঢিলে দিতে চাইছে না তৃণমূল শীর্ষনেতৃত্ব। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেন। বলেন, 'ভোর ৫টায় গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন ২০০-৩০০ ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি EVM হ্যাক করে, কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি ৪ হাজারে জিতছেন, কিন্তু ২ হাজারে হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে। মধ্যরাত পর্যন্ত হতে পারে।' পাশাপাশি তৃণমূলনেত্রী বলেন, গণনাকেন্দ্রে ১০ সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। ১০ সেকেন্ডে ৫০টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সার্টিফিকেট না নিয়ে টেবিল ছেড়ে ওঠা যাবে না। কোথাও যদি এজেন্টকে বসতে না দেওয়া হয়, তখনই সেখানে প্রার্থীকে পৌঁছে যেতে হবে। পোস্টাল ব্যালটকে হালকাভাবে নেবেন না। জয়ের ব্যবধান কম হলে সেখানে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছেন, 'লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলব, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। যখন দেখবেন আপনাদের ওয়াশ রুমে যেতে হবে, বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে তাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন।"
আরও পড়ুন: Rudranil Ghosh: 'রুদ্রনীল নয়, মানুষ পাপাই বলে আমায় চেনেন! ভোটপ্রচারে তাই মনের কথা খুলে বলেছেন'
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন, কাউন্টিং টেবিলে EVM-এর ব্যাটারি চেক করবেন। ব্যাটারির চার্জ ৭০ শতাংশ থাকলে, VVPAT কাউন্টিংয়ের দাবি জানাবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবার জেলা ভিত্তিক কাউন্টিং অবজার্ভার নিয়োগ করছে তৃণমূল। ব্যারাকপুর, দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন DGP রাজীব কুমার। ভোটের সময় আক্রান্ত দলীয় কর্মীদের পুরস্কৃত করার ঘোষণাও এদিনের বৈঠকে করা হয়।
