কলকাতা: প্রার্থিতালিকা ঘোষণার আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে তাঁকে বিজেপি-র প্রার্থী হতে বললেন মমতা। প্রচারে নামার পরামর্শও দিলেন। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে কেন রাজ্যে পুলিশ-আমলা বদল করা হল, প্রশ্ন তোলেন তিনি। 'মেঘের আড়াল থেকে একজন খেলছে' বলেও জ্ঞানেশকে বেঁধেন মমতা। (Bengal Election 2026 TMC Candidate List)
এদিন ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা। তিনটি আসন ছেড়ে দিয়েছেন অনীত থাপার দলকে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে তৃণমূলের লড়বেন না বলে জানিয়েছেন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার আগে জ্ঞানেশকে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপি-র দলীয় কার্যালয় থেকে যেমন নির্দেশ আসছে, সেই অনুযায়ী কমিশন কাজ করছে, যাঁদের সরাতে বলা হচ্ছে, তাঁদের সরানো হচ্ছে বলে অভিযোগ তোলেন। (TMC Candidate List Announcement)
সরাসরি নাম না নিলেও, জ্ঞানেশকে আগাগোড়া আক্রমণ করেন মমতা। বলেন, "বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, দুর্দান্ত খেলা খেলছেন। ADG, CP, SP-সবাইকে বদলে দিলেন। বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? মেঘের আড়াল থেকে যিনি খেলছেন, বিজেপির প্রার্থী হোন না! পারলে সরাসরি ভোটের প্রচারে নেমে মিটিংও করুন। জিততে পারবে না বুঝে, পার্টি অফিসে বসে সব বদলে দিচ্ছেন। এখনও নোটিফিকেশন হয়নি, এখন কোনও বিপর্যয় হলে কে দেখবে? এখন কিছু হলে বিজেপি, কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আইনশৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন-বিজেপিকে।"
রবিবার ভোটঘোষণার পর রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটেছে। বদলি করা হয়েছে আমলা-আধিকারিকদেরও। সেই নিয়ে মমতা বলেন, "সব বাঙালি অফিসারকে বদলে দিয়েছেন। বিনীত গোয়েলের মতো অফিসারকে বদলে দিয়েছেন। একজন মহিলা মুখ্যসচিব ছিলেন, মহিলাদের প্রতি এত রাগ? ইদের আগে কেন সরালেন? দাঙ্গা লাগানোর পরিকল্পনা রয়েছে? সুপার এমার্জেন্সি করে চার মাস ধরে সরকার দখলে রেখেছেন। কেসটা কিন্তু এখনও কোর্টে আছে, এটা মনে রাখবেন। হরিয়ানা থেকে লোক এনেছে এখনকার RSS টেন্ট স্টার। টাকা ছড়াতে পারে, অস্ত্র-মাদক আনতে পারে এমন লোক আনছে। জেল থেকে অপারেট করতে পারে, এমন একজনকে বসিয়েছে।বর্ডার থেকে বহিরাগত ঢুকিয়ে বাংলার অসম্মান করলে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই একসঙ্গে থাকি, দাঙ্গা লাগানোর চক্রান্ত চলছে। এখন কিছু হলে দায়ী থাকবে নির্বাচন কমিশন আর বিজেপি।"
যতই চেষ্টা হোক, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২৬টির বেশি আসন পাবে বলেও ঘোষণা করেন মমতা। বিজেপি-কে বয়কট করার ডাক দেন। 'নো ভোট ফর বিজেপি' রব তোলেন তিনি।
