কেশিয়ারি : পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্প পত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি সরকারে এলে, মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। একইরকমভাবে বেকার যুবক-যুবতিরাও পাবেন মাসে ৩ হাজার টাকা করে।  এদিন BJP-র ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহ বলেন, 'মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরিব... সব স্তরেই মহিলাদের অবস্থা শোচনীয়। যতদিনে না এই পরিস্থিতির পরিবর্তন হয়, ততদিন বিজেপির সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩ হাজার টাকা প্রতি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।'  অর্থাৎ কি না, লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রায় দ্বিগুণ টাকা ! এই ঘোষণার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লক্ষ্মীর ভান্ডারের কথা । 

Continues below advertisement

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা কী কথা দিলেন ? 

কেশিয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' SIR একটা বড় দুর্নীতি। সামনে আসবে। আমরা অপেক্ষা করছি। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। আমরা বললে করি, ওরা বললে করে না। বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, পরে ফাঁকা। ' এদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ দিয়ে শুরু করেছিলাম, এখন দেড় হাজার, ১৭০০ হয়েছে। আজকে বলে যাই আজীবন চলবে।  নোটবন্দি করে কেড়ে নিয়েছিল, যেটুকু জমেছিল আপনাদের। বিজেপিকে বেলাইন করতে যা যা করার করব। '  শুধু কেশিয়ারি থেকেই নয়, বসিরহাটের জনসভা থেকেও বিজেপির এই প্রতিশ্রুতি নিয়ে মানুষকে সতর্ক করেন মমতা। 'বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ভোটের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল ৮ হাজার টাকা। আর যেই ভোট হয়ে গেছে, চালিয়ে দিয়েছিল বুলডোজার। আর এক পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়। ওরা যেটা চালু করেছিল টুকলি করে ... আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না।' 

Continues below advertisement

মহিলাদের জন্য বিজেপির আর কী প্রতিশ্রুতি 

শুধুমাত্র আর্থিক অনুদান দেওয়াই নয়, মহিলাদের ভোট পেতে তাঁদের জন্য আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির তরফে। যেমন, তাদের সরকার ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। 'লাখপতি দিদি'র আওতায় আনা হবে ৭৫ লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রা। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। পাশাপাশি প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। এখন কাদের প্রতিশ্রুতিতে ভরসা রাখে মানুষ, তা জানা যাবে ৪ মে।