কলকাতা: প্রার্থী ঘোষণার পরে যখন জোরকদমে প্রচার চালাচ্ছে প্রায় সমস্ত দল, তখন একটা ছবি বিভিন্ন দলের তরফ থেকেউ উঠে আসছে। সেটা হল, প্রার্থী অসন্তোষ। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সিপিএম.. বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় কমবেশি প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। দলের নেতানেত্রীরা অবশ্য এই সমস্ত সমস্যা সমাধানেরই চেষ্টা করছেন। আর এবার, প্রার্থীদের নিয়ে কথা বলতে গিয়ে, গত নির্বাচনের স্মৃতিই ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৬-র পরে ২০২৬, ফের মমতার গলায় বার্তা, '২৯৪ কেন্দ্রে আমিই প্রার্থী'।
এদিন মানবাজারে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের একের পর এক আক্রমণ শানান তিনি। পাশাপাশি এদিন প্রার্থী অসন্তোষ নিয়েই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে তিনি দ্ব্যার্থহীন ভাষায় বলেন, 'কে প্রার্থী দেখতে হবে না, মনে করুন, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে।' এদিন তিনি আরও বলেন, 'ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমিই আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জোড়াফুল মানে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত, সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত, সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত, সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত, সব হবে ব্যর্থ।'
অমিত শাহের 'ভিক্টিম কার্ড' আক্রমণ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে 'ভিক্টিম কার্ড' খেলেন, পা ভেঙে, মাথায় ব্যান্ডেজ বেঁদে বেরিয়ে পড়েন বলে একদিন আগেই আক্রমণ করেছিলেন অমিত শাহ। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ চাইলে গিয়ে হাসপাতালের রিপোর্ট দেখেত পারেন বলে জানালেন। এমনকি এবারও তাঁকে নিয়ে বিজেপি চক্রান্ত করছেন বলে অভিযোগ তুললেন তিনি। (Mamata Banerjee)। রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে শাহর আক্রমণের জবাব দেন মমতা। বলেন, "বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই! ওরে অপদার্থ, আমি তো মিথ্যের মুখ থেকে অনেক বার লড়াই করে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলি নাও না হাসপাতালে গিয়ে! লজ্জা করে না! আমার উপর কী অত্যাচার হয়েছে তোমরা জানো না?" (West Bengal Assembly Elections 2026)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন মমতা। সেই নিয়ে বার বার তাঁকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব। এমনকি গতকাল কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করতে গিয়ে শাহের মুখেও সেই নিয়ে কটাক্ষ শোনা যায়। ভোট এলেই মমতা হয় পা ভাঙেন, নয় মাথায় ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে পড়েন বলে মন্তব্য করেছিলেন শাহ। মমতা 'ভিক্টিম কার্ড' খেলেন বলেও আক্রমণ করেন।
