আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, কলকাতা : বিজেপি, কংগ্রেস, মিম। মালদার মোথাবাড়ির ঘটনায়, একইদিনে তিনবার, তিনদলের ওপর দোষ চাপালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কখনও বললেন, এটা বিজেপির পরিকল্পনা। আবার কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বললেন, মালদায় কংগ্রেসিদের অত্য়াচারে গণ্ডগোলটা হল। নাম না করে নিশানা করলেন মিমকেও। পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ শানিয়েছে বিজেপি, কংগ্রেসও।
যাঁদের হাতে বিচারের গুরুদায়িত্ব, তাঁদের গাড়িতেই হামলা। ভেঙে চুরমার গাড়ির কাচ। কিন্তু প্রশ্ন হল, এই হামলা করল কারা ? করালো কারা ? এ নিয়ে বৃহস্পতিবার ৩টি নির্বাচনী সভা থেকে নাম করে, না করে তিন রাজনৈতিক দল... বিজেপি... কংগ্রেস... মিম-এর ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
প্রথম দফায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূলনেত্রী বললেন, "অমিত শাহ চক্রান্তের ব্লু প্রিন্ট তৈরি করছেন। আমি অনুরোধ করব কেউ দাঙ্গায় যাবেন না। কোনও গদ্দারের কথা শুনে... এটা বিজেপির পরিকল্পনা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্য়াগ দাবি করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী।" সুতি ও বৈষ্ণনগরের সভা থেকে আবার কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "মালদায় কংগ্রেসিদের অত্য়াচারে গণ্ডগোলটা হল। যে কংগ্রেস বদনাম করেছে কাল (বুধবার) মালদায়, তাদের ক্ষমা করব না।" নাম না করে নিশানা করলেন 'মিম'-কেও। তৃণমূলনেত্রী বলেন, "হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে, আপনাদের উত্তেজিত করল, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, জাজদের ঘেরাও করল, রেজাল্টটা কী হল ? আপনারা কি জানেন না, CBI করেছে, যারা আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে। NIA করেছে।"
অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেছে বিজেপি ও কংগ্রেস। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, "মমতা ব্য়ানার্জি মুর্শিদাবাদে বেশিদিন থাকা মানে, বেশি আসা মানে, মুর্শিদাবাদে দাঙ্গা লাগাবেই, লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল, এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হতেই হবে।"
নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, "অবিলম্বে সাবিনা ইয়াসমিন-সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। NIA অথবা CBI তারা যে চার্জ নিয়েছে, কোনও দেরি না করে তথ্য যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাচ ভেঙেছে। আগুন লাগিয়েছে।"
যদিও, অভিযোগ অস্বীকার করে, পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, "এর জন্য সম্পূর্ণরূপে দায়ী বিজেপি। আজকে যেটাই হচ্ছে, যা হচ্ছে সেটা কিন্তু বিজেপির জন্যই হচ্ছে। 'ইয়ে ডর আচ্ছা লাগা'। শুভেন্দু অধিকারীর আমাকে নিয়ে যে ভয় আছে, সেটা আমার ভাল লাগল।"
SIR প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে এবং জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার পুলিশ ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তারা বলেছে, বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর ন্যস্ত SIR প্রক্রিয়ায় যাতে কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়—তা নিশ্চিত করতে হবে। বিচারবিভাগীয় আধিকারিকদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি ও পরিবারের সদস্যদের যথাযথ সুরক্ষা প্রদান করতে হবে। ECI পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তলব করবে এবং যেখানে বিচারবিভাগীয় আধিকারিকরা আপত্তির নিষ্পত্তি করছেন, সেখানে বাহিনী মোতায়েন থাকবে। সরকারি গেস্ট হাউসসহ যেসব জায়গায় আধিকারিকরা রয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে সেখানে। কোনও বিচার বিভাগীয় কর্মকর্তা যদি তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কার সম্মুখীন হন, তবে অবিলম্বে সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেখানে SIR-এর নিষ্পত্তি প্রক্রিয়া চলছে সেখানে, একসঙ্গে যেন ৩ থেকে ৫ জনের বেশি লোক প্রবেশ না করেন।
