কলকাতা: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। হাতে আর মাত্র কয়েকদিন। প্রায় শেষ পর্বের ভোট প্রচার সেরে নিচ্ছেন রাজনৈতিক দলের হেভিওয়েট থেকে প্রার্থীরা। রবিবার জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা বলে দলের কর্মীদের সতর্ক করলেন তিনি।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস ভেবে ঘাস মারার বিষ পান করেছিলেন তৃণমূল কর্মীরা। অসুস্থ হয়ে পড়েন বহু কর্মী। ভর্তি করতে হয় হাসপাতালে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনাকে মনে করিয়ে রবিবারের জনসভা থেকে দলের কর্মী-সমর্থকদের সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ''ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।''
জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' শনিবার ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস (ORS) ভেবে বিষ পান করেন দলের কর্মীরা। একই রকম দেখতে ছিল। ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে এবং তাঁরা ভাল আছেন। আমি সারাক্ষন খোঁজ নিয়েছি। আমাদের সেখানকার প্রার্থীকেও পাঠানো হয়েছে। সরকারের তরফ থেকে যা যা করার সব করা হয়েছে এবং তাঁদের বাড়িও পৌঁছে দেওয়া হবে।''
মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে আরও জানান, ''যে কোনও জিনিস খাওয়ার সময় একবার দেখে নেবেন। এখন ভোটের সময়, দেখে দেখে খাবেন। আপনারা যদি আমার কথা জিজ্ঞাসা করেন, আমি বাইরে এক কাপ চাও খাই না। আমি চা খাই একবার। সকালবেলা ঘরে খাই। আমার বাইরে খাওয়ার অভ্যাস নেই। আর আমার একটা সুবিধা আছে, আমি ২০ বছর ধরে ভাত রুটি কিছুই খাই না। সুতরাং আমি যেটুকু খাই আমার মতো করে খাই, দিনে একবার খাই যত তাড়াতাড়ি সম্ভব।”
খাওয়ার বিষয় নিয়ে সতর্ক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা খারাপ অভিজ্ঞতার কথা জানান। বলেন, ''আগে আমি চা চেয়ে চেয়ে খেতাম। তারপর বরানগরের এক মিটিংয়ে চা চেয়ে খাওয়ার পর দেখলাম মাথা ঘুরছে, গা-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কাছে সব সময় ওষুধ কিছু থাকে। নিজের কাছে থাকা ওষুধ খেয়ে সে বার ঠিক হয়েছিলাম। সেই থেকে আর বাইরে কিছু খাই না।'' '' সিপিএম-এর (CPM) আমলে এত মার খেয়েছি আমি, টুকটাক প্রাথমিক চিকিৎসা এখন নিজে বুঝি।'' '' সুতরাং যে কোনও জিনিস বাইরে খাওয়ার আগে একবার দেখে নেবেন, যে আপনি ঠিক জিনিসটা খাচ্ছেন নাকি ভুল জিনিসটা খাচ্ছেন।
