মালদা: মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। SIR-এ নাম না থাকা নিয়ে এই কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের উপর যে ভাবে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা, তা দেখে স্তম্ভিত সকলে। ঘটনার তদন্তভার নেয় NIA । গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই CID-র হাতে পাকড়াও হয়েছেন অভিযুক্ত মোফ্ফাকারুল ইসলাম। শুক্রবার সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাঁকে আটক করা হয়। সঙ্গে অভিযুক্তের এক সঙ্গীকেও আটক করা হয়েছে।  

Continues below advertisement

মোথাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতা ও প্রার্থী দিলীপ ঘোষ জানান, '' পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাষ্ট্র বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন। তাঁর সুরক্ষা নেই। তাহলে পশ্চিম বাংলার বিচার ব্যবস্থার অবস্থা দেখুন। এখানে হাইকোর্টের বিচারপতিকে হিয়ারিং করতে দেওয়া হয়না। তার এজলাসে ঢুকে স্লোগান করা হয়, ঘেরাও করা হয় বিচারপতিকে। আর আজ বিচারপতিরা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। ''

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিমও। তিনি জানান, '' কমিশন দিয়ে অ্যাকশন নিন, মানুষ দিলীপ ঘোষ বা বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওদের অ্যাকশন নিতে দিন, কারণ ওদের শাখা সংগঠন হয়ে গেছে এখন ইলেকশন কমিশন। আর মানুষ ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, ইটা একশ শতাংশ লিখে রাখুন। '' মোথাবাড়ির ঘটনার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, '' মানুষের চিন্তা, আমি ভারতের নাগরিক, আমাদের ভোটাধিকার চলে গেল, নাম ডিলিট হয়ে গেল, এরপর আমার কী হবে? এরপর ভারতবর্ষে আমার অস্তিত্ব কী? চিন্তাটা বুঝতে হবে।'' 

Continues below advertisement

তবে এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, '' স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বাম আমলে যেভাবে অনিতা দেওয়ান-কে গাড়ি থেকে নামিয়ে, পিটিয়ে খুন করা হয়েছিল, ঠিক একই ভাবে মহিলা বিচারপতিদের হেনস্থা করার চেষ্টা করে বিক্ষোভকারীরা। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের ১ সেকেন্ডের উস্কানিতে। এই এক সেকেন্ডের মহড়া তৃণমূল দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। ''  যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বৈষ্ণবনগরের সভা থেকে স্পষ্ট বলে দেন 'আজকে বাংলা রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই। আইনশৃঙ্খলা আমার হাতে নেই।'