অমিত জানা, বেলদা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা চালানো হল। দুষ্কৃতী তাণ্ডবে ভাঙল গাড়ির কাচ। বেলদা থানার পাতলি এলাকায় ঘটনাটি ঘটে। ভোর ৫.৩০ মিনিট নাগাদ আহার মুণ্ডা এলাকার দিকে যাচ্ছিল বাসটি। বেশ কিছু দুষ্কৃতী বাসটিকে আটকায় এবং চালককে জিজ্ঞাসা করে বাসটি কোথায় যাচ্ছে। তখন তিনি জানান, ব্রিগেডের সভায় যাওয়ার জন্য তাঁরা বাসটিকে নিয়ে এসেছেন। তখনই বাসটিকে অতর্কিতে ঘিরে ধরে বাইক-বাহিনী। চারদিকে এলোপাথাড়ি লাঠিচার্জ করে ভাঙচুর চালানো হয়। সেই সময় চালক ও খালাসির হাতে লেগেছে বলে অভিযোগ তোলা হয়েছে। ভাঙচুর চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।
ঘটনাস্থলে বাসটি বেশ কিছুক্ষণ আটকে থাকার পর, এই মুহূর্তে বাসটিকে ঘুরিয়ে নিয়ে চলে আসছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, যেহেতু ব্রিগেডে সভা রয়েছে, সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসটিতে হামলা চালিয়েছে। যদিও নারায়ণগড় ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা জানিয়েছেন, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। বিজেপি নিজেরাই করে প্রচারে আসার চেষ্টা করছে। যদিও এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ বেলদা থানায় দায়ের হয়নি।
আজ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। মঞ্চ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। যা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে।
কয়েক দিনের মধ্য়ে ভোট ঘোষণা হয়ে যাবে। তারপরই জোরাল-প্রচার। এরপরই মহা-যুদ্ধ। ক্ষমতা দখলের লড়াই। তার আগে শনিবার বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ব্রিগেড সমাবেশের ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। এখন বারবার বিজেপির নেতাদের মুখে কখনও মা কালী-কখনও মা দুর্গার নাম শোনা যাচ্ছে।শমীক ভট্টাচার্য রাজ্য় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে LED স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রীও মা কালী-বাবা তারকেশ্বরের কথা বলছেন। এই আবহেই এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দক্ষিণেশ্বর মন্দিরের ছোঁয়া।
সূত্রের খবর, শনিবার বেলা ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে। দুপুর ২ টা ৪০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'র মঞ্চে উপস্থিত হবেন। ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে। দার্জিলিঙের চাবাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি ঠাঁই পেয়েছে মঞ্চে।
