কলকাতা:ঝালমুড়ি নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রচারে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল, প্রথম দফা ভোটের দিন তা আরও তীব্র হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদি বললেন, ঝালমুড়ি খেলেন তিনি, আর ঝাল লাগল তৃণমূলের। পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী বললেন, ঝালমুড়ির ঝালে তাঁরা অভ্য়স্ত। প্রধানমন্ত্রী কি কোনওদিন মাছ-ভাত খেয়েছেন?
আরও পড়ুন, "১৫২ এর মধ্যে ১০০ টি আসন পাবে বিজেপি..", বললেন সুকান্ত, পাল্টা বড় দাবি ব্রাত্য বসুর
ঝালমুড়ি থেকে মাছ-ভাত, এবারের ভোটে কী না ইস্য়ু হচ্ছে। তৃণমূল-বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন। কেন্দ্রীয় মন্ত্রী কাঁটা বেছে মাছ খাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেতে দোকানে ঢুকে পড়ছেন। প্রচারপর্বে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল, তা গড়াল প্রথম দফা ভোটের দিন পর্যন্ত। ঘটনার সূত্রপাত রবিবার। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে সটান দোকানে ঢুকে মুড়ি কিনে খেতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
প্রধানমন্ত্রীর এই জনসংযোগের পর প্রচারের মঞ্চ থেকে বারবার এই নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছিলেন,' ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়ে, ১০ টাকা কখনও পকেটে থাকে ওনার ? কত নাটক ! নির্বাচনের সময়, গোয়াতে গিয়ে বসে থাকেন। কখনও নির্বাচনের সময় বলেন, আমি চায়েওয়ালা। ১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। সেই ঝালমুড়িটাও নিজেদের তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কীকরে ? জিজ্ঞেস করুন। মানুষ বোঝে না ? যেখানেই মিটিং করেন, ট্রেনে করে লোক নিয়ে আসেন। বাইরে থেকে লোক নিয়ে আসেন। নিয়ে এসে মিছিল মিটিং করে।'
কটাক্ষের জবাব কৃষ্ণনগরের সভা থেকে দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি বলেন, ৪ মে বাংলাতেও বিজেপির জয়ের উৎসব হবে। মিষ্টিও বিলি হবে এবং ঝালমুড়িও বিলি করা হবে। আমি শুনেছি ঝালমুড়িও কিছু মানুষকে খুব জোর ঝটকা দিয়েছে। ঝালমুড়ি আমি খেলাম আর ঝাল লেগেছে তৃণমূলের। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন,আজকে আপনি বললেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন। আপনাকে ভেলপুরি পাঠাব, দিল্লিতে পাওয়া যায়। ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। আপনি দশ টাকা নিয়ে এসে দেখাচ্ছেন। আগেরবার বলেছিলেন চাওয়ালা। আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন! ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্য়স্ত। আপনি কোনওদিন কি খেয়েছেন মাছ-ভাত? কোনওদিনও খেয়েছেন মাংস-ভাত?
