Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে 'জয় বাংলা', 'চোর চোর' স্লোগান। বিরোধী দলনেতাকে দেখেই কার্যত ধাওয়া করতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 'চোর, চোর, চোরটা... ওই চোর... চোর... চোর' বলে চিৎকার করতে থাকেন কয়েকজন। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। অন্যদিকে, পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'আমার এমএলএ অফিসের সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই। ২১- এর মতো করতে দেব না। আমি বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী... সবার কাছে আবেদন করার। যে বলেছে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভাল।'
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা আগামী ৪ মে। বিজেপি ইতিমধ্যেই ৪টি দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এখনও কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে বিজেপির। নন্দীগ্রাম এবং ভবানীপুর, ২টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পবিত্র কর। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন এই পবিত্র। তবে ভোটের আগেই দলবদলে তৃণমূলে যান তিনি। তারপর কার্যত রাতারাতি টিকিটও পেয়ে যান পবিত্র কর। অন্যদিকে, ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
এদিন দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সেখানে তাঁকে দেখেও কালো পতাকা দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
বাগদায় প্রচারে বেরিয়ে দলেরই প্রবীণ নেতার ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর
প্রচারে বেরিয়ে প্রবীণ দলীয় নেতার অসন্তোষের মুখে পড়লেন বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। এবার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রীকে বাগদায় প্রার্থী করেছে বিজেপি। গতকাল হেলেঞ্চা বাজারে প্রচারে গিয়ে বিজেপি নেতা প্রশান্ত হালদারের কাছে আশীর্বাদ চান তিনি। বিজেপি প্রার্থী ও জেলা সভাপতির সামনে প্রশান্ত হালদার বলেন, বাগদায় গরু-ছাগল বাস করি। এটা বাগদার মানুষের কথা আমার নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত। তাঁদের একটাই দাবি ছিল, বাগদা থেকে কাউকে প্রার্থী করা হোক, দল সেই দাবিকে মান্যতা দেয়নি। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর এই নিয়ে জানিয়েছে, প্রবীণ বিজেপি নেতা কী বলেছেন সেটা তিনি শুনতে পাননি।
