কলকাতা: ভোটের দিন সকাল সকাল সচরাচর বেরিয়ে পড়েন না তিনি। সাধারণত দুপুর ২টোর পরই বেরোতে দেখা যায় তাঁকে। কিন্তু বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণের দিন বেনজির ছবি সামনে এল। সকাল সকাল ভবানীপুরের বিভিন্ন বুথ ঘুরে দেখতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই নিয়ে তাঁকে কটাক্ষ ছুড়ে দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বিপুল ভোটে হারতে চলেছেন বলে দাবি করলেন তিনি। (Suvendu Adhikari)

Continues below advertisement

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। সেখানে ফের মুখোমুখি লড়াইয়ে মমতা এবং শুভেন্দু। তাই সকলেরই নজর ভবানীপুরের দিকে। এমতাবস্থায় সকালে চেতলা-সহ বিভিন্ন বুথে পৌঁছে যান মমতা। কথা বলেন ফিরহাদ হাকিমের সঙ্গে। ভোট কেমন হচ্ছে খবর নেন। অন্য দিকে, খিদিরপুরে হনুমান মন্দিরে পুজো দেন শুভেন্দু। পরে শিবমন্দিরেও পুজো দেন তিনি। (West Bengal BJP)

Continues below advertisement

আরও পড়ুন: ভবানীপুরে মমতার ভাইকে হুঁশিয়ারি পুলিশের, কার্তিক বন্দ্যোপাধ্য়ায় বললেন, ‘সন্ত্রস্ত পরিবেশ...'

সকাল সকাল মমতা বেরিয়ে পড়েছেন জেনে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। বলেন, "ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কোনও লাভ হবে না। বিপুল ভোটে হারবে। সব হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন না! কপালে তিলক লাগিয়ে।"

আরও পড়ুন: ‘ব্যারাকপুরে টাকা দিয়ে ভোট কিনছে তৃণমূল’, অভিযোগ বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচির

একদিন আগে নকল সিলিকনের আঙুল কিনে ভোটে কারচুপির পরিকল্পনা চলছে বলে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এদিন তিনি জানান, দেবলীনা বিশ্বাস কিনেছিলেন প্রায় ৭৫০টি। সব ধরা পড়ে গিয়েছে। শুভেন্দুর কথায়, "আগে কোনো নির্বাচনে কলকাতায় এমন ভোট হয়নি।"

অন্য দিকে, এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। চেতলার বুথে গিয়ে তিনি বলেন,  "আমরা আদালত অবমাননার নোটিস দিয়েছি। তা সত্ত্বেও কিছু অবজার্ভার এসেছে বাইরে থেকে। বিজেপি যা বলছে তাই করছে। চক্রবেড়িয়ায় গিয়ে দেখে এসো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। এভাবে ভোট হয়? ভোট তো মানুষ দেবেন, পুলিশও নয়, সিকিওরিটিও নয়। আর কয়েকজনকে নতুন এনেছে। তারা যা ইচ্ছে করছে। এলাকায় সন্ত্রাস করছে।" নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা উঠলে ফিরহাদ হাকিম বললেন, "ধূর, কোনও লাভ হবে না। আমরা লড়ে নেব।"

এদিন চক্রবেড়িয়া বুথেও পৌঁছে যান মমতা। সকাল থেকে একাধিক অভিযোগ আসছে বলে দাবি। সেখানে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সঙ্গে সেখানে ঠায় বসে রয়েছেন তিনি। অন্য ভোটগুলিতে দুপুরের পর মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন মমতা। তবে এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন তিনি, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।