চেন্নাই : চমক তামিলনাড়ুতে। অভিনয় জগৎ থেকে রাজনীতির মঞ্চে পা দিয়েই বড়সড় সাফল্যের মুখে থালাপতি বিজয়। দলের পাশাপাশি তিনিও সাফল্য পাওয়ার দিকে ক্রমাগত এগোচ্ছেন। এবার বিধানসভা নির্বাচনে দু'টি আসন থেকে লড়েছিলেন বিজয়। চেন্নাইয়ের পেরাম্বুর ও দক্ষিণ তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পূর্ব আসনে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী দু'টি আসনেই তিনি এগিয়ে আছেন। এর পাশাপাশি শতাধিকের বেশি আসনে এগিয়ে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝহাগাম (TVK)। 

Continues below advertisement

সরকারিভাবে দুই বছর আগেই TVK দল প্রতিষ্ঠা করে ফেলেছিলেন বিজয়। একই বছরে নির্বাচন কমিশনের স্বীকৃতি লাভ করে দল। এরপর এবছর তামিনলনাড়ু বিধানসভা নির্বাচনে। আর নির্বাচনী ময়দানে প্রবেশ করেই বড়সড় সাফল্যের মুখে বিজয় ও তাঁর দল। পিভ্যালুর ডেটা অনুযায়ী, বেলা ১০টা ৫০ মিনিট নাগাদ তামিলনাড়ুর ম্যাজিক ফিগার ১১৮ অতিক্রম করে ফেলেছে TVK। অর্থাৎ, এই সংখ্যক আসনে এগিয়ে। যদিও সামগ্রিক ফল সামনে আসতে এখনও কিছুটা সময় লাগবে।

নিরাপত্তায় মোড়া CBI দফতর, কালো রেঞ্জ রোভারে ঢুকলেন বিজয়, কারুর পদপিষ্ট মামলায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Continues below advertisement

গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশ করছিলেন অভিনেতা ও রাজনীতিক তথা Tamilaga Vettri Kazhagam (TVK) প্রধান বিজয়। সেখানে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৪১ জনের কাছাকাছি প্রাণ হারান। ২০২৫-এর ২৩ অক্টোবর, সুপ্রিম কোর্ট কারুর সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই ঘটনায় বিজয়কে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। সেই পর্ব অতিক্রম করে নির্বাচনী ময়দানে নজর কেড়ে নিলেন বিজয়। শুধু বিজয়ই নন, তাঁর দলের নেতা ভি এস বাবুও 'জায়ান্ট কিলার' হিসাবে উঠে আসছেন। কারণ তিনি কোলাথুর কেন্দ্রে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছেন। তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে আড়াই হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি (এই প্রতিবেদন লেখার সময়ে)। 

অন্যদিকে, ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ফল আশানুরূপ হয়নি এখনও পর্যন্ত। এই আবহে উচ্ছ্বাসে মাতোয়ারা TVK-র কর্মী-সমর্থকরা। চেন্নাইয়ে দলের সদর কর্মী-সমর্থকরা মিষ্টি বিলি শুরু করে দিয়েছেন। উল্লাস শুরু হয়ে গেছে বিজয়ের বাড়িতেও। কার্যত, একক সংখ্যা-গরিষ্ঠ দল হিসাবে উত্থান হতে চলেছে তাঁর দলের। যদিও দক্ষিণের এই রাজ্যের সামগ্রিক ফলাফলের চিত্র স্পষ্ট হতে আরও কিছুটা সময় লেগে যাবে। 

ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।