কলকাতা: মোথাবাড়িকাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলাম কার লোক? এই প্রশ্নে শুরু হয়েছে জোর তরজা। বিচারকদের ওপর হামলার রাতে, ভাইরাল ভিডিও-তে দেখা যায়, এই মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন প্রশাসনের কর্তারা। ভাইরাল অডিও ক্লিপে শোনা গেছে, যদুপুরে অবরোধ তোলার জন্য় মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশকর্মী। এখানেই প্রশ্ন উঠছে- কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কারুল এত প্রভাবশালী? 

Continues below advertisement

কী হয়েছিল?

বুধবার মালদার মোথাবাড়িতে এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামি, তাণ্ডব কার্যত মৃত্যু ভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল তাঁদের। এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে অন্যতম মোফাক্কারুল ইসলাম। যাঁর গ্রেফতারি নিয়ে তাঁর অধীনস্থ CID-কে কৃতিত্ব দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। 

Continues below advertisement

মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নিচ্ছেন। অথচ, বিচারকদের ওপর আক্রমণের রাতে, বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়, এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তাঁরা। একটি ভাইরাল ভিডিওতে বলা হয়, 'এখানে আমাদের ADM সাহেব আর ASP সাহেব আছেন। এত চাপাচাপি করে কী রেজাল্ট বেরোল, শুনবি না তোরা?' 

ভাইরাল অডিও ক্লিপ

ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা গেছে, মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশকর্মীই। সেখানে পুলিশকর্মীকে বলতে শোনা যায়, 'হ্যালো, মোফাক্কারুল সাহেব আছেন? বলছি, সুজাপুরে যেটুকু মিটমাট হল, এবার যদুপুরের লোকজনের আপনার ওপর অগাধ বিশ্বাস। ওঁরা আপনার কথা শোনার পরই রাস্তা অবরোধ তুলবেন। একটু দয়া করে কথা বলে নিন ওঁদের সঙ্গে'।

মোফাক্কারুল ইসলামকে বলতে শোনা যায়, 'মোবাইলটা মাইকে ধরেন, আমি বলে দিচ্ছি। আমি মোফাক্কারুল ইসলাম বলছি। ৪ দিনের মধ্য়ে ওনারা যদি সব ঠিকঠাক না করে, তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও'। অর্থাৎ মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে যে মোফাক্কারুলকে গ্রেফতারের কৃতিত্ব নিচ্ছেন, সেই তাঁর সঙ্গে পুলিশ-প্রশাসনের দহরম মহরম ছিল! কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কারুল এত প্রভাবশালী হয়ে উঠেছিলেন? তাঁর নেপথ্যে কার হাত? 

২০১৬ সালে এই মোফাক্কারুলকেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে একমঞ্চে দেখা গেছিল। তা-ও বিধানসভা ভোটের আগে এক তৃণমূল প্রার্থীর প্রচারে। আবার ২০২১ সালে মিম-এর প্রার্থীও হয়েছিলেন মোফাক্কারুল। এখন মূল প্রশ্ন একটাই মোফাক্কারুলের মাথায় কার হাত? আপাতত গারদের পেছনে মোফাক্কারুল? কিন্তু তাঁর পেছনে যাঁরা, তাঁদের কি সামনে আনবে NIA?