শ্যামপুর: ২০১১ সালের পর ২০২৬, দেড় দশকের ব্যবধানে বঙ্গে ফের বদল। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনকেই বেছে নিল বাংলার মানুষ। প্রথমবার বঙ্গে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি, তাও আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। অন্তত ভোটের হাওয়া তাই বলছে। সেই গেরুয়া ঝড়ের (WB Election Results 2026) আবহেই জয়ী হলেন হিরণ্ময় চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)।

Continues below advertisement

অভিনয় জগতের পরিচিতমুখ হিরণ। তৃণমূল কংগ্রেসের হাত ধরে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু। তবে বহুদিনই ঘাসফুল ছেড়ে পদ্মফুলকে আপন করে নিয়েছিলেন হিরণ। ২০২১ সালে বিজেপির টিকিটে খড়গপুর সদর থেকে লড়ে, জিতেওছিলেন হিরণ। তৃণমূলের প্রদীপ সরকারকে ৩৭৭১ ভোটে হারিয়েছিলেন তিনি। তবে পাঁচ বছর পরে তাঁর কেন্দ্র বদল হয়েছিল। খড়গপুর বন্দরের বদলে হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানেও বিরাট ব্যবধানে জয়ী হলেন হিরণ।

আরও পড়ুন:- তৃণমূলের ভরাডুবির মাঝেও বালিগঞ্জে বিরাট ব্যবধানে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় 

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের নদীবাসী জানা শ্যামপুর থেকে লক্ষাধিক ভোট পান। তবে তার থেকেও ২২২৬০ ভোট বেশি, ১২৫৬৫১ ভোটে পেয়ে জয়ী হলেন হিরণ চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক জড়িয়েও, কিন্তু হিরণকে থামানো গেল না। বিপুল পরিমাণে জয়ী হলেন বিজেপি প্রার্থী।

অপরদিকে, অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। সেই পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলার মেখলিগঞ্জের তফশিলি জাতির সংরক্ষিত সিট থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এই বিধানসভা নির্বাচনে। তবে ২০২৬ সালের নির্বাচনে মুখ থুবড়ে পড়লেন তিনি। বিজেপির দধিরাম রায়ের বিরুদ্ধে পরাজিত হলেন পরেশ অধিকারী। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে দুই দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাতটি জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। প্রথম দফায় ভোট হয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই সাত জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ফলে আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে।

আরও পড়ুন:- শূন্যের গেরো কাটিয়ে খাতা খুলল সিপিএম, ডোমকলে জয়ী মুস্তাফিজুর রহমান