পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া - বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার প্রচারে 'জয় বাংলা' স্লোগান। মোটেই রাগ করলেন না বিজেপি প্রার্থী। বরং মুচকি হেসে স্লোগানদাতাদের 'পদ্ম' প্রতীক দেখালেন তিনি। 

Continues below advertisement

এবার বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার প্রচারকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মাচানতলা এলাকায়। স্লোগানের পাল্টা মুচকি হেসে তাঁদের 'পদ্ম' প্রতীক দেখান বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। 

বাঁকুড়ার নীলাদ্রি শেখর দানা শুক্রবার সন্ধ্যার মুখে অনুগামীদের সঙ্গে নিয়ে প্রথমে বাঁকুড়া বাজারে প্রচার করেন। পরে হুডখোলা গাড়িতে চড়ে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা দিয়ে প্রচার করতে করতে এগিয়ে যান। সেই সময় মাচানতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একদল তৃণমূল কর্মী, সমর্থক তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা স্লোগান' দিতে শুরু করেন বিজেপি প্রার্থী। পরক্ষণেই অবশ্য 'জয় বাংলা'- র পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান দেন। তবে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 'জয় বাংলা' স্লোগানদাতাদের দেখে প্রথমে মুচকি হাসেন। পরে তাঁদের দিকে 'পদ্ম' প্রতীক দেখিয়ে এলাকা থেকে চলে যান।

Continues below advertisement

'জয় বাংলা' স্লোগান দাতা তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি বিজেপি সারা বাংলায় এসআইআর- এর নামে মানুষকে হয়রান করেছে। এবার তাই বাংলা জুড়ে 'জয় বাংলা' স্লোগান উঠছে। আগামী দিনে নীলাদ্রি শেখর দানাও 'জয় বাংলা' স্লোগান দেবেন বলে দাবি তৃণমূল কর্মীদের। অন্যদিকে, নীলাদ্রি শেখর দানার দাবি 'জয় বাংলা' বাংলাদেশের স্লোগান। এই স্লোগান যত দেবে তত এ রাজ্যে তৃণমূল গঙ্গার জলে ভাসবে। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোটের গণনা আগামী ৪ মে। ভোটের আর বেশিদিন বাকি নেই। আর তাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের ভোটপ্রচার চলছে। অভিনব কায়দায় প্রচার করে ভোটের বাজারে ভোটারদের মনজয় করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এখনও পর্যন্ত ৫ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী লড়বেন নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্র থেকে। ভবানীপুরে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের পবিত্র কর।