Tapas Roy: মানিকতলা কেন্দ্রে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তাপস রায়। টিকিট পেয়ে খুশি বর্ষীয়ান রাজনৈতিক নেতা। তিনি বলছেন, 'কৃতজ্ঞতা জানাই দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে। তাঁরা যে ভেবেছেন... একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিমবাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা হবে কি হবে না - এই সমস্ত। প্লাস ১৫ বছরের যে অরাজক, নৈরাজ্য...'
এবার তাপস রায়ের বিরুদ্ধে লড়বেন তৃণমূলের শ্রেয়া পাণ্ডে। একসময় শ্রেয়ার বাবা প্রয়াত সাধন পাণ্ডে নির্বাচনের প্রার্থী হয়েছেন। সাধন পাণ্ডের সঙ্গে একইসঙ্গে তৃণমূল করেছেন তাপস রায়ও। এবার নিজের প্রতিদ্বন্দ্বী নিয়ে তাপস রায় বলছেন, 'মাল্টি পার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। সুতরাং বাংলার যে ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। গত ২৪- এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তর এবং মানিকতলাতে... সকলেই জানেন... যেগুলো ঘটেছিল, সেগুলো না ঘটলেই ভাল। আশা করব এবারের নির্বাচনে সেইসব অসভ্যতা, অভব্যতা এবার ঘটবে না।'
মানিকতলায় প্রার্থী হয়ে 'ভীষণ খুশি' তাপস রায়। ফলাফল নিয়ে তিনি বলছেন, 'ভাল রেজাল্ট হবে। কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা মহানগর, আমাদের যে ২৯টা আসন রয়েছে, ভাল রেজাল্ট হবে। অন্য রাজনৈতিক দল, শাসক দল চিৎকার করছে বটে, ওদের বলতে হবে, কর্মী- সমর্থকদের চাঙ্গা রাখার জন্য। মানুষ ভোট দেবে কেন? এত কিছুর পরেও মানুষের কাছে কোন মুখে ভোট চাইতে যায়? আর মানুষ ভোট দেবে কেন?'
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। ইতিমধ্যে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, বিজেপি থেকে টিকিট পেয়েছেন বিনোদন জগতের অনেকেই। সেই তালিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়। এছাড়াও টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
