কলকাতা: ঘরের মাঠ বালি ছেড়ে এবার দমদম উত্তরের বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী ও বিদায়ী তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও দীপ্সিতা বলছেন, ভোট রাজনীতির দুর্গম পথকে সুগম করার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছেন তিনি।

Continues below advertisement

বাড়ি তাঁর বালি। কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর চার দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাঁদের মধ্যে অন্যতম দীপ্সিতা ধর। যাঁকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোটযুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়।

দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, 'এখানের হেভিওয়েট প্রার্থী তো কাজই করেননি। রাস্তাঘাটের এই তো অবস্থা। বৃষ্টি না হতেই ঘরে জল ঢুকছে। এই তো হেভিওয়েটের অবস্থা'। 

Continues below advertisement

অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা, শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি, লিখলেন দেওয়াল। তিনি বলেন, দমদম উত্তরের রাজনৈতিক দেওয়াল বামেদেরই। আমি সেখানে রিটাচ করতে এসেছি।' 

একুশের বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় সাড়ে ২৮ হাজার ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে।সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন ৪৫,৭২৮ ভোট।

এবার দীপ্সিতা বলেন, 'আমার প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপি নয়, তৃণমূল। বিজেপি কোনও ফ্যাক্টর হবে না। আগের লড়াইয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার লড়ব'। 

দীপ্সিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তাঁর হাত ধরে? দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে ৪ মে।