রুমা পাল, কলকাতা : ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নাকা তল্লাশি থেকে রুটমার্চ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে নজরদারি। ৩১ মার্চের মধ্যেই রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এরই মধ্যে ৭ জওয়ানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল।
নির্দেশ দেওয়া হয়েছিল কোনও ভাবে যেন কেন্দ্রীয় বাহিনী কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করে। কিন্তু সেই নির্দেশে গুরুত্ব না দেওয়ার অভিযোগ। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে এবার আরও কড়া হল কমিশন। অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনীর ৭ জওয়ানকে সরিয়ে দেওয়া হল অন্য রাজ্যে। 'সতর্ক করার পরেও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষায় ৭ জওয়ান', অভিযোগ পাওয়ার পরেই ভিন রাজ্যে সরিয়ে দিল কমিশন। ৩ জওয়ানের ৭দিনের প্যারা মিলিটারি হেফাজত, ২ জনকে সতর্কবার্তা।
অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে খেতে যান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা গ্রহণ কমিশনের।
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিজের কাজে ব্যবহারের অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। বিজেপির নেতা-কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া-প্রতীক তুলে দেওয়ার ভাইরাল ছবি পোস্ট করে দাবি তৃণমূল কংগ্রেসের। নীলাদ্রিশেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান, অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কী তুলবে, পাল্টা নীলাদ্রিশেখর দানা।
৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, এই বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি মোট ৩০ কোম্পানি CRPF মোতায়েন করা হচ্ছে কলকাতায়। এরপরেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার, ওই জেলায় মোতায়েন করা হচ্ছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলায় ১৭ কোম্পানি, মালদায় ১৫ কোম্পানি, মুর্শিদাবাদে ১৩ কোম্পানি ও বসিরহাট পুলিশ জেলায় পাঠানো হচ্ছে ১৩ কোম্পানি বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে দু'দফায় এসেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার আরও ৩০০ কোম্পানি পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, ধাপে ধাপে প্রায় আড়াই হাজার কোম্পানি এরাজ্যে মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন।
