গোঘাট: ভোটারের বাড়িতে বসে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি। দলের একাংশ তাঁকে হারানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। দলের থেকে কেউ দলের প্রার্থীকেই হারানোর চেষ্টা করছে? ভোটারের বাড়িতে বসে এমনই অভিযোগ করলেন প্রার্থী। ভোটের আগে হুগলির গোঘাটে প্রকাশ্যে চলে এল তৃণমূল দ্বন্দ্ব। ভোটারের বাড়িতে বসে দলের মধ্যে থেকে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী নির্মল মাজি। প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের বিরুদ্ধেও সরব হন তিনি।

Continues below advertisement

এদিন ভোট প্রচারে বেরিয়ে গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ''আমি বিধায়ক না হলেও আমি এখানকার পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করব। আমার সঙ্গে চলতে চলতে দেখছি, কারা আমার সঙ্গে চলছে তাদেরকেই বড় বড় আসনে বসাব। এখানে মানস বিধায়ক হয়েছে, মানস হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি, মানস যে ৫ বছর বিধায়ক ছিল তখনও উন্নয়ন হয়নি।''

যদিও এবার উল্টো সুরে ফের নির্মল মাজি বলেন, ''মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে, এবারে জেতা, হারাটা তাঁর বিষয়, আমার দলের কর্মী, আমার ভাই, আমি কখনই আমার কোনও ভাইকে, কোনও সহকর্মীকে ছোট করতে পারি না।" বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। এখানকার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার জানিয়েছেন, ''দীর্ঘ সময়ে ধরে গোঘাটে তৃণমূল কর্মীদের যে আকাঙ্খা, যে গোঘাটের কোনও একজন ভূমিপুত্র প্রার্থী হবে, আমরা বহুদিন ধরেই দেখছিলাম ওদের কর্মীদের মধ্যে একটা আবেগ ছিল যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গোঘাট থেকে ভূমিপুত্রকে দেবে প্রার্থী হিসেবে, বহিরাগত প্রার্থীকে না মানার কারণ হিসেবে হতে পারে।''

Continues below advertisement

গোঘাটের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাজল রায় বলছেন, ''প্রার্থী আসলে নির্মল মাঝি নয়, ২৯৪টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটাই, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনও নেতা বা কোনও নেত্রী, এইরকম আচরণ করে থাকে দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।'' এই নিয়ে প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। ২০২১ সালে গোঘাট আসনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি। সেই বিদায়ী বিধায়ক বিশ্বনাথ কারককে সরিয়ে এবার প্রশান্ত দিগারকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে গোঘাট জয় করতে তৃণমূলের তুরুপের তাস নির্মল মাজি।