কালিয়াচক : এসআইআর নিয়ে মালদায় উত্তেজনা তুঙ্গে। নাম ডিলিটের অভিযোগে প্রতিবাদ। অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক। ঘেরাও করা হয়েছে জুডিশিয়াল অফিসারদের। মানিকচক ২ বিডিও অফিসে ৭ বিচারককে ঘেরাও করে বিক্ষোভ। আটকে রাখা হয় বিডিও অফিসের ২টো গেট। মহিলাদের সামনে রেখে এই বিক্ষোভ চলছে।

Continues below advertisement

সকল থেকেই ঘেরাও করে রাখা হয়েছে এই জুডিশিয়াল অফিসারদের। আটকে রয়েছেন ৩ জন মহিলা বিচারক সহ ৭ জুডিশিয়াল অফিসার। গত ২৩ মার্চ মালদার জেলা প্রশাসনের কাছে গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছিলেন জুডিসিয়াল অফিসাররা। আর সেই কারণেই নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরানোর আবেদন করেছিলেন তাঁরাই। এমনকি জানা গিয়েছে, আগেই এই বিষয়ে জানানো হয়েছিল জেলা প্রশাসনকে।

জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছেন DIG ও পুলিশ সুপার। কমিশন সূত্রে খবর, এই পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে নিয়ে আসা হয়েছে।

Continues below advertisement

৭ জুডিশিয়াল অফিসার খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আটকে রয়েছেন। এই ৭ জনের সকলেই মালদার মানিকচক ২ নম্বর অর্থাৎ মোথাবাড়ি বিডিও অফিসে আটকে রয়েছেন। তাঁরা বলছেন, যেখানে আটকে রয়েছেন তাঁরা, সেই বিডিও অফিসের দুটো গেটেই লাইন দিয়ে বসে গিয়েছেন মহিলারা। অর্থাৎ, এই গেটগুলো আটকে রেখেছেন মহিলারা।

এ ছাড়াও বিডিও অফিসের সামনের রাস্তায় বিরাট জমায়েত হয়েছে। সেখানেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ফলে, এই ৭ জন জুডিশিয়াল অফিসার এই মুহূর্তে প্রবল আতঙ্কে রয়েছেন। পুলিশ এখনও তাঁদের উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, আজ সকাল ১১টা থেকে বিভিন্ন জায়গায় উত্তেজনা ও কিছু কিছু জমায়েতের ছবি দেখা যায়। ফলে, এই জুডিশিয়াল অফিসাররা বলছেন, আজকের এই ঘটনা এক কথায় পরিকল্পনা করে ঘটানো হয়েছে।

এর পাশাপাশি একাধিক প্রশ্নও উঠছে। জেলা প্রশাসন বা জেলা পুলিশ কী করছিল। সাধারণত এই জুডিশিয়াল অফিসাররা সকল থেকে কাজ করেন আর তারপর বিকালে তাঁরা ফিরে যান। ১ এপ্রিল বিকাল ৪টের পর জুডিশিয়াল অফিসাররা বেরোতে গিয়ে দেখেন বিডিও অফিসের দুটো গেটের মুখেই বসে রয়েছেন মহিলারা। তাঁর কাউকে বেরোতে দেবেন না।

আসলে, এই এলাকায় বিবেচনাধীন ভোটারদের অনেকের নামই বাদ পড়েছে। আর সেই কারণে এদের রাগ গিয়ে পড়ে সেই জুডিশিয়াল অফিসারদের উপর। আর সেই কারণে তারা ঘেরাও করে বিডিও অফিস। ঠিক করে তারা কোনও জুডিশিয়াল অফিসারদের বাইরে বেরতে দেওয়া হবে না। বাইরের রাস্তায় অবরোধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বা স্থানীয় প্রশাসন এখনও অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। বিকাল ৪টে থেকে আটকে রয়েছেন এই জুডিশিয়াল অফিসাররা।