কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগেই বিজেপির চমক! ভোটের আগে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ (Leander Paes)? বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু। বেশ কিছুক্ষণ বিজেপি নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডার পেজের বৈঠক সারেন। প্রাক্তন টেনিস তারকার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে বলে খবর বিজেপি সূত্রে। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টেনিস তারকাকে ঘিরে জোর জল্পনা।
বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে আজই সাক্ষাৎ করেন লিয়েন্ডার পেজের। তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কলকাতায় নিতিন নবীন, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বৈঠকের ফাঁকেই লিয়েন্ডারকে নিতিন নবীনের সঙ্গে কথা বলতে দেখা যায়। খবর বিজেপি সূত্রের তরফেই লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে।
অতীতে লিয়েন্ডার পেজ ২০২১ সালে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তাঁকে ছোট ভাই বলে তখন স্বাগত জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তবে সকলকে খানিকটা অবাক করেই গোয়ার ৬৯ সদস্যের তৃণমূলের রাজ্য কমিটিতে লিয়েন্ডারের ঠাঁই হয়নি। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে তেমনভাবে কিংবদন্তি টেনিস খেলোয়াড়কে দেখা যায়নি।
কিন্তু সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে। তার মাসখানেক আগেই বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে লিয়েন্ডারের আজকের এই সাক্ষাৎ তাঁর বিজেপিতে যোগদানের জল্পনায় ইন্ধন জোগাল।
বিজেপির নেতৃত্বের সঙ্গে এবিপি আনন্দ সরাসরি কথা বলে। বিজেপি লিয়েন্ডার যোগ দিচ্ছেন? তিনি প্রার্থী হবেন? নাকি তাঁকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা হবে? এই প্রশ্নের উত্তরে সম্ভাবনার কথা বিজেপির তরফে কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সরাসরিভাবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানোও হয়নি।
তবে খবর অনুযায়ী লিয়েন্ডার বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে একান্তে বৈঠক করেছেন। বিজেপির কিন্তু এই বৈঠকের পরেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এদিন লিয়েন্ডার পেজের ওই বৈঠকস্থলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কিন্তু উপস্থিত ছিলেন। বিজেপির নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডার কথা বলেন ঠিকই। কিন্তু তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি স্বীকার বা অস্বীকার, কোনও কিছুই করা হয়নি। বিজেপির তরফে স্পষ্টভাবে কিছু জানানো না হওয়ায় লিয়েন্ডার পেজকে নিয়ে কিন্তু ধোঁয়াশা অব্যাহত রইল।
