দক্ষিণ ২৪ পরগনা, ভাঙড় : আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সওকত মোল্লা। শনিবার ভাঙড়েই সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর মুখেই শোনা গিয়েছে সওকত মোল্লার ভূয়সী প্রশংসা। প্রার্থীকে সমর্থন করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, প্রয়োজনে নিজের নিরাপত্তা সওকত মোল্লাকে দিয়ে দেবেন তিনি। মমতা এদিন বলেছেন, 'সওকত মোল্লাকে খুন করতে চায়, যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, সওকতকে দিয়ে দেব।'
২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে, শনিবার, ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে, এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকত মোল্লার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, 'আমি যদি বাঁ হাত হই, সওকত আমার ডান হাত। যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, আমি সওকতকে দিয়ে দেব।' এখানেই শেষ নয়। ভাঙড়ে সওকত মোল্লাকে প্রার্থী করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের সভা থেকে বলেছেন, 'আমার খুব প্রিয় প্রার্থী সওকত মোল্লা। আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি এই কারণে, কারণ, আমি ভাঙড়ের জন্য় অনেক কিছু করতে চাই। সওকতকে ভোট দিন। ভাঙড়বাসী যা চাইবেন, তাই করে দেব।'
সওকত মোল্লাকে খুন করতে চায় বলে এদিন মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'ওকে খুন করতে চায় ওরা। ওর নিরাপত্তা তুলে নিতে চায় বিজেপিকে বলে। যদি কোনওরকম নিরাপত্তা তুলে নিয়ে, ওর প্রতি কোনও হামলা হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই? আমাকে লড়তে পারে না। ওরা সওকত মোল্লার সঙ্গে ঝগড়া করে মরছে। যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, আমি সওকতকে দিয়ে দেব।' মমতা আরও বলেছেন, 'আমি ইচ্ছা করে ক্য়ানিং থেকে সওকতকে নিয়ে এসেছি। সওকতই আমায় বলেছিল, ৮টা থানা বানাতে। কলকাতা পুলিশের অধীনে। ওই আমাকে বলছিল, দিদি মেডিক্য়াল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে, যাকে টেন্ডার দেওয়া হয়েছে, সে করেনি। এখন ইসলামিয়া হাসপাতাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব।'
২০১৬ সালে, ভাঙড় বিধানসভা কেন্দ্র ছিল তৃণমূলের হাতে। কিন্তু, ২০২১ সালে, এই কেন্দ্র ছিনিয়ে নেন, ISF-এর নৌশাদ সিদ্দিকি। ভাঙড় কেন্দ্র পুনরুদ্ধারের জন্য় এবার এখান থেকে সওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। এতদিন তিনিই সামলেছিলেন ভাঙড়ে দলের পর্যবেক্ষকের দায়িত্ব। সওকত মোল্লা ২০১৬, ২০২১ - পরপর ২ বার ক্য়ানিং পূর্বের বিধায়কও হয়েছেন। এবার সেই সওকত মোল্লাই ভাঙড়ের তৃণমূলের প্রার্থী।
