পুরুলিয়া : প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার ছিল আজ ১৯ এপ্রিল। পশ্চিমবঙ্গের চার জায়গায় সভা করেছেন নরেন্দ্র মোদি। তার মধ্যে ছিল পুরুলিয়াও। আর সেখানকার সভায় মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত মোদি। রবিবার প্রচারে গিয়ে, পুরুলিয়ার সভায় ভিড় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। সেখানে নরেন্দ্র মোদি লিখেছেন, 'আজ পুরুলিয়া আমাকে যা দিয়ে বরণ করে নিল: হেলিপ্যাডে উপচে পড়া ভিড়। পথে বিশাল জনসমাগম যা একটি স্বতঃস্ফূর্ত রোড শো-তে পরিণত হয়েছিল। বিশাল জনসভায় মানুষের অকুন্ঠ ভালোবাসা। ফেরার পথে আবারও ব্যাপক ভিড় এবং আরও একটি স্বতঃস্ফূর্ত রোড শো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেজাজ কোন দিকে তা এখন অত্যন্ত পরিষ্কার।' রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মোদি বলেছেন, 'ভোটের ফল কী হবে, আমি কখনও বলি না। এবার সবাই বলছে, বিজেপিই ক্ষমতায় আসছে।'
এর আগে ১১ এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করেছিলেন নরেন্দ্র মোদি। সেখানেও সভায় আগত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছিলেন তিনি। কাটোয়ার সভা থেকে মোদি বলেন, 'কাটোয়ার জনসভা রেকর্ড ভেঙে দিয়েছে। কাটোয়ায় জনগণের মেলা, বাংলায় দেখাবে খেলা। এই জনসমুদ্র ৪ মে-র ট্রেলার।' সেদিন কাটোয়ার সভা গুজরাতের তুলনা টেনে নরেন্দ্র মোদি এও বলেছিলেন যে, 'গুজরাতে বেলার দিকে সভা হলে, এমন লোক আসতেন না। বাংলায় যেখানে যেখানে আমি গিয়েছি, আগের বারের র্যালির রেকর্ড আপনারা ভেঙে দেন। আপনাদের একটা সত্যি কথা বলছি, আমার অনুভূতি বলছি, জীবন গুজরাতে কাটিয়েছি। কিন্তু যদি গুজরাতে বেলা ১১টা, ১২টায় কোনও সভা করতে হয়, তাহলে এমন সভা করতে পারতাম না। আপনার চমৎকার করে দিয়েছেন। হেলিপ্যাড থেকে দেখছিলাম সকাল সকাল এত মানুষের ভিড়, এত মানুষ আশীর্বাদ দিতে এসেছেন... আপনাদের স্নেহ, ভালবাসায় আমি অভিভূত। বর্ধমানে হাজার হাজার লোকের এই র্যালি বাংলায় খেলা দেখাবে। এই দৃশ্য ৪ মে- এর ফলাফলের ট্রেলার। আপনাদের উৎসাহ ভয়ের উপরে রয়েছে, ভরসার জয়ের দিশা দেখাচ্ছে। বাংলা পরিবর্তনের জন্য তৈরি।'
