শিবাশিস মৌলিক, কলকাতা : ফের রাজ্যে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। আজ রবিবার চার জায়গায় সভা রয়েছে তাঁর। শনিবার রাতেই অন্ডাল বিমানবন্দরে নেমেছে প্রধানমন্ত্রীর বিমান। রাতে দুর্গাপুরের হোটেলে থাকবেন মোদি। আজ রবিবার ১৯ এপ্রিল বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় সভা করবেন তিনি। আজ বালুরঘাট ও রতুয়ায় সভা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। আজ উত্তবঙ্গের শীলতকুচি ও জলপাইগুড়িতে সভা করবেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। ভোটের আগে আজ শেষ রবিবার। তাই জমজমাট ভোটপ্রচার করতে আজ রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি।                 

Continues below advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমাবন্দরে মোদির বিমান নামার পরই তাঁর কনভয় দুর্গাপুরের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ রাতে ওই হোটেলেই থাকবেন তিনি। মোদিকে দেখেই আশপাশ থেকে শোনা যায় বিজেপি কর্মী-সমর্থকদের 'জয় শ্রী রাম' স্লোগান। গাড়ি থেকে হাত নাড়তে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকেও। গত সপ্তাহেও শনিবার এবং রবিবারে একগুচ্ছ সভা করেছিলেন তিনি। ভোটের আগে প্রচারে বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না বিজেপি। আর তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে বেশ কয়েকবার ইতিমধ্যেই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই যেমন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, নিতিন নবীন-সহ আরও অনেকেই বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা এবং রোড শো করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য হেভিওয়েটদের নিয়ে পশ্চিমবাংলায় ভোটপ্রচার করাচ্ছে বিজেপি।          

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। এই সপ্তাহেই ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে সেই দিন। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সেই দিন ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা হবে আগামী ৪ মে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কোচবিহারে প্রথম সভা করেছিলেন নরেন্দ্র মোদি। আজ রবিবার চারটি জনসভা রয়েছে মোদির। সকাল ১০টা নাগাদ জনসভা রয়েছে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বড়জোড়া বিধানসভার ফুলবেড়িয়া ফুটবল মাঠে নরেন্দ্র মোদির। এরপর সেখান থেকে তিনি যাবেন পুরুলিয়ায়। সেখানে ১১টা ৪৫ মিনিট নাগাদ জনসভা রয়েছে মোদির। এরপর ১টা ৪৫ মিনিট নাগাদ সভা রয়েছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এরপর চতুর্থ সভা রয়েছে বেলদায়।     

Continues below advertisement