বাঁকুড়া: তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেব। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসেছিলেন টলিউডের সুপারস্টার। বাঁকুড়ার বড়জোড়ায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে গৌতম মিশ্রের। তাঁরই হয়ে বাঁকুড়ার প্রচারে ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব।
''এখানে আপনারা যাঁরা আছেন। যে কর্মীরা রয়েছেন, আপনাদের ভালবাসা, আশীর্বাদ, দুয়া একটা ভোটে আপনারা জানিয়ে দিতে পারেন। আমি কোনওদিনই বলি না যে এই দলকে আপনি ভোট দিন। কিন্তু আমি সবসময় বলব যে দল আপনাদের পাশে রয়েছে। আপনাদের বিপদে দাঁড়িয়েছে পাশে, সেই দলের প্রার্থীকেই ভোট দিন। কোনওদিন আপনাদের ভাগ করার কথা ভাবেনি, তাঁরাই তো ভোট পাবে, তাই না? আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার, আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করেছেন। তাহলে কিন্তু অন্য কোনও নাম মাথায় আসবে না, একটাই দল, একটাই নাম মাথায় আসবে তা হল মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ভোটটা অবশ্যই দেবেন গৌতম মিশ্রকেই।''
বড়জোড়া বিধানসভার বেলিতাতোড়ে প্রচার সভায় অংশ নিয়েছিলেন দেব। সেখানেই নিজের ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে ঝড় তুললেন তৃণমুল সাংসদ অভিনেতা দেব। বড়জোড়া বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে বেলিয়াতোড়ে সভায় হাজির হন ঘাটালের তৃণমূল সাংসদ। বেলিয়াতোড় কলেজ মাঠে সভায় প্রচারে ঝড় তুললেন সাংসদ। বিপুল মানুষের ঢল দেখে আপ্লুত সাংসদ। সভায় বক্তব্যে সাংসদ বলেন অধিক আসন নিয়ে বাংলায় ৪র্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেব এদিন আরও বলেন, ''এই নির্বাচনটা হচ্ছে কে আপনাদের জন্য রাস্তায় লড়বে, কে আপনাদের জন্য হাসপাতাল গড়বে। কে আপনাদের সুস্থ রাখবে, তার নির্বাচন। আমাদের সরকার আপনাদের সবার আশীর্বাদে, ভালবাসায় গত ১৫ বছর ধরে সরকারে ছিল। আমি অনেক জায়গায় প্রচারে গিয়েছি। আমি এটুকু বিশ্বাসী যে আবার মমতা বন্দ্যোপাধ্য়ায় চতুর্থ বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন ও তৃণমূল কংগ্রেস ফের সরকার গঠন করছে।''
রবিবার প্রচারে বেরিয়ে খবর পেয়েছিলেন যে প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেব জানিয়েছিলেন, ''যখন আমার কাছে খবর এল, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি যে, এটা সত্যি কি মিথ্যে ! অনেক সময় খবর চলে আসে, এরকম একটা খবর এল, মনে হল আমার। কিন্তু পরে জানলাম খবরটা সত্যি। খুব দুঃখজনক এটা। খুব তাড়াতাড়ি চলে গেল ওঁ। আমার এখনও মনে আছে, যখন ওঁর সঙ্গে রাজ প্রথম ছবি করল, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম। সেই গানটি ছিল প্যান্টে তালি... রাহুলকে নিয়ে একবার শপিং করতে গিয়েছি। সাউথসিটি মল সবে খুলেছিল। তারপরে আমরা নিউমার্কেটে গিয়ে শপিং করেছিলাম।''
