কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করতে চলেছে ? এনিয়ে রাজ্য রাজনীতিতে সমানে চলছে জল্পনা। অন্যতম হেভিওয়েট এই আসনে এবারও প্রেস্টিজ ফাইট তৃণমূল ও বিজেপির। এই পরিস্থিতিতে বিজেপি থেকে আসা কাউকে তৃণমূল প্রার্থী করতে পারে বলে সূত্র মারফত জানা যায় কিছু আগে। সেইমতো এই খবর সামনে এল যে, ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলে যোগ দিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুকের জেলা সহ-সভাপতি পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শাসক শিবিরে শামিল হন তিনি। নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই পবিত্র কর। এমনই খবর সূত্রের।
সাংগঠনিক দিক থেকে অত্যন্ত দক্ষ পবিত্র কর। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গতবার ভোটে লড়েছিলেন, সেই সময় বয়াল অঞ্চলে গিয়েছিলেন। যেখানে পুলিশ আধিকারিকের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধ শুরু হয়েছিল তাঁর। সেই বয়াল অঞ্চলের সাংগঠনিক দিকটা দেখেন এই পবিত্র কর। গতকাল বিজেপি প্রার্থী তালিকায় মাস্টার স্ট্রোক দেওয়ার পর একটা কৌতূহল তৈরি হয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে দাঁড় করাবে। এই জল্পনার মধ্যেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তৃণমূল এই পবিত্র করকে প্রার্থী করতে পারে। তবে, এখনই তা চূড়ান্ত নয়। এনিয়ে সিলমোহর দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পবিত্র করকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। আজ দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে ২৯৪টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করবেন তিনি। প্রার্থীতালিকায় অবশ্যই চমক থাকছে। সেলিব্রিটি মুখ যেমন থাকছেন, যুব নেতারা থাকছেন এবং পুরনো মুখও থাকবে। পাশাপাশি একাধিক মন্ত্রী-বিধায়ক যারা আছেন, তাঁদের বাদ দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, সবথেকে বড় কৌতূহল ভবানীপুরে দ্বৈরথ তো প্রায় হওয়ার মুখে, কিন্তু নন্দীগ্রামে কী হবে ? গতকালই বিজেপি একটা মাস্টারস্ট্রোক দিয়েছে। কারণ, এবার বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা এপিসেন্টার তৈরি হয়েছে ভবানীপুরে। কারণ, ভবানীপুরের প্রার্থী তিনি প্রার্থী হচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছেন। সেই ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি।
