অর্ণব মুখোপাধ্য়ায়, পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পাল, কলকাতা: মানিকতলায় এবার তৃণমূল প্রার্থী করেছে শ্রেয়া পাণ্ডেকে। এদিন, মেয়ের হয়ে প্রচারে নামেন মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডে। দেখা হয়ে যায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। সুপ্তি পাণ্ডে বলেন, লড়াই ২ টো দলের নীতির লড়াই। তাপসের সঙ্গে শ্রেয়ার নয়। রানিবাঁধে বাহা উৎসবে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা।
আরও পড়ুন, ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের, "ভোটারদের ভয় দেখালে…"
শনিবার হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপি প্রার্থী সজল ঘোষের অনুগামীদের সংঘাতে তুলকালাম বেঁধে যায়। প্রচার ঘিরে একদিকে যখন এই সংঘাতের ছবি দেখা গেছে, তেমনি আবার উল্টো ছবিও ধরা পড়ছে...সৌজন্যের ছবি। মানিকতলায় এবার তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। অন্যদিকে, বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। এদিন, মেয়ের হয়ে প্রচারে নামেন মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডে। দেখা হয়ে যায় তাপস রায়ের সঙ্গে। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে বলেন, অশান্তি যদি হয়, আমাকে ফোন করবি, এইটাই তোকে নিশ্চয়তা দিতে এলাম। ছেলেরা যদি এদিক-ওদিক করে ক্ষমা করিস। কোনও অমর্যাদা তোর হবে না আমার এলাকায়। যদি কেউ করে আমাকে ফোন করবি।
কখনও কচুরি খাওয়াতে না পারার আক্ষেপ শোনা গেল সুপ্তি পাণ্ডের গলায়। সুপ্তি পাণ্ডে বলেন, আজকে এমন দিনে এলো, ওদের দলও খানিকটা দায়ী, শুধু যুদ্ধ নয়, আমি আমার বন্ধুকে কী বলব জানি। কিন্তু কচুরিটা খাওয়াতে পারলাম না গ্য়াস নেই। লড়াই ২ টো দলের নীতির লড়াই। তাপসের সঙ্গে শ্রেয়ার নয়। তো কখনও চলল খুনসুটি। মানিকতলা বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, আমরা বিয়ে দিয়ে নিয়ে এসেছি। জিজ্ঞেস করো না। তারপর আবার বাপের বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রাক্তন IPS রাজেশ কুমারকে এবার জগদ্দলে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই তৃণমূলের সোমনাথ শ্য়ামের সঙ্গে। শ্য়ামনগরে রবীন্দ্রভবনে কর্মীদের উদ্দেশে সোমনাথ শ্য়াম বলেন, রাজেশ কুমারকে সম্মান করতে হবে। জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, IPS হতে গেলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে হতে হয়। সম্মান করবেন। লড়াই রাজনীতির হোক। ব্য়ক্তি আক্রমণ নয়। অন্যদিকে আবার বাঁকুড়ার রানিবাঁধে বাহা উৎসবে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। শুধু তাই নয়, একসঙ্গে পাত পেড়ে খেলেনও।
