মেমারি: প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। কিছুদিন আগেই কামারহাটিতে মদন মিত্রের প্রচারে গিয়েছিলেন। বাঁকুড়ার বড়জোড়াতেও প্রচারে অংশ নিয়েছিলেন। এবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের হয়ে প্রচারে অংশ নিলেন টলিউড সুপারস্টার। প্রচারের মঞ্চ থেকেই দেব বলে দিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল কংগ্রেস। 

Continues below advertisement

সরকার তৃণমূলই গড়ছে। হ্যাঁ, এমনই আত্মবিশ্বাসী কণ্ঠ শোনা গেল দেবের মুখে। গতকাল বাঁকুড়ার প্রচার সভা থেকে দেব জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেমারির তৃণমূূল প্রার্থীর হয়ে প্রচারে এসে দেব জানিয়ে দিলেন, হিন্দু ও মুসলিম নিয়ে নির্বাচন হচ্ছে। নির্বাচনের পর কতগুলো মসজিদ হবে, কতগুলো মন্দির হবে বলা হচ্ছে। কিন্তু কতগুলো স্কুল হবে, কতগুলো হাসপাতাল হবে সে সব নিয়েও বলা হচ্ছে না।' একপ্রকার বিজেপির এজেন্ডাকেই বিঁধলেন দেব। 

একইসঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সম্পর্কে প্রচারের সভা থেকে বলেন দেব। তিনি বলেন, ''সবুজসাথী প্রকল্প দিদি নিয়ে এসেছে। যা শুধু বাংলায় আছে। অন্য কোন রাজ্যে নেই। রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড এই প্রকল্প অন্য রাজ্যে নেই। শুধুমাত্র বাংলায় আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র বাংলায় চালু হয়েছে। যারা বলত এই সব ভাঁওতাবাজি, এখন তাঁরা যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে চালু করছে তবে অন্য নাম দিয়ে। আমি নিশ্চিত বেকার ভাতা প্রকল্প আমাদের বিরোধী দল অন্য রাজ্যে চালু করবে অন্য নাম দিয়ে।'

Continues below advertisement

লোকসভা নির্বাচন যখনই আসে দেবকে বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা শুনতে হয়। এদিনও ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ উঠে এল টলি সুপারস্টারের মুখে। তিনি বলেন, ''ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে আমি লোকসভায় লড়াই করেছি। কিন্তু আমি নিজেই ভাবতে পারিনি এই প্রকল্প হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী সেই অসম্ভবকে সম্ভব করেছেন। ঘাটাল মাষ্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে।'' 

আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন পারফর্ম করতে তৃণমূল কংগ্রেস। দেব বলছেন, ''এই ভোট মন্দির বা মসজিদের জন্য নয়। নির্বাচন হবে উন্নয়ণের নিরিখে।  তৃণমূল অনেক ভাল ও অনেকটা সুরক্ষিত জায়গায় এই মুহূর্তে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট দিয়ে বাংলার উন্নয়ণকে বজায় রাখুন।''