কলকাতা: 'বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই', বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরের হয়ে লড়াই করে 'মেয়ের মৃত্যুর বিচার' আনার কথা জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা। যদিও প্রথম বা দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম দেখা যায়নি, তবে বুধবার বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা গেল পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী 'অভয়া'র মা। 

Continues below advertisement

এর আগে নিজের প্রার্থী হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন 'অভয়া'র মা। এবিপি আনন্দকে জানিয়েছিলেন, 'আমি ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই'। তিনি এও জানিয়েছিলেন, 'আমাদের বিচার পাওয়ার লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেজন্য আমরা মনে করেছি, ক্ষমতা হাতে পাওয়া দরকার। না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি লড়াইতে আসার।' 

আর জি কর মেডিক্যালের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনার বিচারের দাবিতে মাসের পর মাস চলে আন্দোলন। যেখানে কখনও কোনও রাজনীতির ছোঁয়াচ ছিল না। কিন্তু, সেই নিহত চিকিৎসকের মা এবার ভোট রাজনীতির ময়দানে? 

Continues below advertisement

বেশ কিছুদিন আগে আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা বলেছিলেন, 'সিপিএম যেভাবে আমাদের মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নীচের জমি শক্ত করে, ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, আমার এই আন্দোলনে আসা দরকার'।

২০২৪ সালে আর জি কর ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার বিধানসভা ভোটের মুখে, অভয়ার মায়ের প্রার্থী হওয়ার জল্পনা ঘিরে, ফের রাজনীতিতে শুরু হয়েছে উথালপাথাল। 

সিপিএমকে তোপ দাগায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর আগে বলেছিলেন, ' বিজেপি, RSS-তাদের মুরোদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে? বিচার করবে? অপরাধীকে ধরবে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করাতে পারেনি। ভোট, নির্বাচন আলাদা কথা। সে পরিবার সিদ্ধান্ত নেবে কী করবে? আমরা কখনই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।' 

বুধবার সন্ধেয় ১৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। কোচবিহার দক্ষিণ, রাজগঞ্জ, ইসলামপুর, হেমতাবাদ, ইংলিশবাজার, শান্তিপুর, পানিহাটি, হাওড়া মধ্য, উত্তরপাড়া, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, হরিপাল, তমলুক, মেদিনীপুর, পূর্বস্থলি দক্ষিণ, কাটোয়া, সাঁইথিয়া, নলহাটি। ১৯ আসনে প্রার্থী নাম প্রকাশ্যে আনল গেরুয়া শিবির। 

পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেছিলেন, 'ব্যক্তিগত কথা উনি বলছেন। কেউ ব্যক্তিগতভাবে যা কিছু বলতেই পারেন।' 

আর জি করের নিহত চিকিৎসকের মায়ের বক্তব্য ছিল- 'মানুষকে এখানে বেঁচে থাকতে হলে তৃণমূলকে উৎখাত করতে হবে।'