কলকাতা : মাঝে আর একটা দিন। সোমবার গণনা। তার আগে জোর তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি শিবিরেও এই লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি। এদিন দুর্গাপুরে সিটি সেন্টারে হয় বিজেপির বৈঠক। বিজেপির ৪ সাংগঠনিক জেলার প্রার্থী ও এজেন্টদের নিয়ে বৈঠক করা হয়। ছিলেন সুনীল বনসল-সহ বিজেপি নেতারা। এ প্রসঙ্গে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনাকেন্দ্রে কোনও রকম কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে। তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্যজুড়ে। আমাদের দুই পর্যবেক্ষক কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল...প্রত্যেক প্রার্থীকে, ওঁরা গতকাল থেকে শুরু করেছেন...প্রায় ১০টি জায়গায় গিয়ে প্রার্থী, এজেন্টদের...আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাঁদের সতর্ক করে দিচ্ছেন। তৃণমূলকে আমরা শেষ যুদ্ধে আর কাউন্টিংয়ের দিনেও ছাড়ব না। কারণ, ইঙ্গিত স্পষ্ট। সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানরা একযোগে বিজেপি সরকার আনছে।" 

Continues below advertisement

কাউন্টিং নিয়ে সতর্ক বিজেপিও, কর্মীদের বিশেষভাবে প্রস্তুত করতে কর্মশালা

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ভোট শেষের পর এখন নির্বাচন কমিশনের পাশাপাশি স্ট্রং রুমগুলিতে কড়া নজর রেখেছে রাজনৈতিক দলগুলিও। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে। একাধিক জায়গায় গণনাকেন্দ্রে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করে দেখছেন বিভিন্ন দলের প্রার্থীরাও। এই পরিস্থিতিতে গণনার দিন কী কী বিষয় খেয়াল রাখতে হবে তা নিয়ে বৈঠক করছে বিজেপি। কাউন্টিং নিয়ে কার্যত সতর্ক গেরুয়া শিবির। ৪ মে হবে ভোট গণনা। তার আগে শিলিগুড়ি ও মালদায় গতকাল বৈঠক করে গেরুয়া শিবির। শিলিগুড়ি, মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও প্রার্থী শঙ্কর ঘোষ বলেছেন, "এটা সাংগঠনিক মিটিং। কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন। মূলত, ভোটদান হওয়ার পর আর যে যে বিষয় নিয়ে প্রস্তুতি..কাউন্টিংয়ের প্রস্তুতি-সহ...কীভাবে আমরা সাংগঠনিক যে দায়-দায়বদ্ধতা রয়েছে সেগুলো পালন করব, মূলত এটা রেগুলার অর্গানাইজেশনাল মিটিং। যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে। তারপরে আমরা আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেগুলি করব।" শিলিগুড়িতে যে কর্মশালার আয়োজন করা হয় সেখানে- শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার...এই পাঁচ সাংগঠনিক জেলার অন্তর্গত ২৮টি বিধানসভা কেন্দ্রের বিজেপির গণনাকর্মীরা ছিলেন। তাঁদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এখানে ভূপেন্দ্র যাদব ছাড়াও সাংসদদের মধ্যে মনোজ টিগ্গা, জয়ন্ত রায়-রা উপস্থিত ছিলেন। 

Continues below advertisement