আসানসোল: হাতে আর মাত্র কয়েকদিন। শেষ পর্বের ভোট প্রচার সেরে নিচ্ছেন রাজনৈতিক দলের হেভিওয়েটরা। রবিবার একসঙ্গে ৪ টে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আসানসোলের সভা থেকে ফের SIR নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো জানান, ''আমি এই অন্যায় করলে গঙ্গায় কলসি নিয়ে ডুবে মরতাম।''
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের জনসভা থেকে বিভীন্ন ইস্যু নিয়ে ফের বিজেপিকে নিশানা করেন। বলেন, '' আপনারা দেখতে পাচ্ছেন কী অত্যাচার চলছে? কী অনাচার চলছে? কী স্বৈরাচার চলছে? কী ভোট খাতার ষড়যন্ত্র চলছে? আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম ভোট তোলার জন্য। আপনাদের আশীর্বাদে ৩২ লক্ষ নাম ভোটার লিস্টে তুলতে পেরেছি। এখনও ৯০ লক্ষ নাম বাদ আছে। ৬০ লক্ষ হিন্দু আর ৩০ লক্ষ মুসলমান।
SIR এর পর NRC নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''এরপর এদের কাজ হচ্ছে NRC করা। ডি লিমিটেশন করে বাংলাকে টুকরো টুকরো করা। উনারা নাকি আমাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আমি চার্জশিট দিচ্ছি আপনাদের বিরুদ্ধে। এতই যদি হিম্মত থাকত, এই লিস্টে জিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আগে পদত্যাগ করুন আপনি। এই ভোটার লিস্টে ভোট করে ২০২৪-এ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ , আগে পদত্যাগ করুন। লজ্জা লাগা দরকার। বিজেপিকে ধিক্কার। ভোটের আগে অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি এরা।''
তিনি আরও বলেন, '' বাংলায় এসেছো ভোট চাইতে? লজ্জা করে না? আমি যদি এই অন্যায় করতাম তবে এখানে এসে গঙ্গায় কলসি নিয়ে জলে ডুবে মরতাম। কোনও লজ্জা নেই এই লোকেদের।''
মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে কর্মসংস্থান নিয়ে জানান, '' আসানসোলে বর্তমানে অনেক সংস্থা আসছে। আসানসোল-রানিগঞ্জ লজিস্টিক্যাল হাব হবে। আমি বলে যাচ্ছি এখানকার ছেলে-মেয়েরা যাতে কাজের সুযোগ পায়। রানিগঞ্জের মানুষের জন্য বাড়ি বানিয়ে রেখেছি, যাতে ধস নেমে কারও প্রাণ না যায়। আপনাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি শিফটিংয়ের খরচ দেওয়া হবে। ডেউচা পাঁচামি তৈরি হচ্ছে, এতে এক লক্ষ লোকের চাকরি হবে।'' সব শেষে বিজেপির আয়ুষ্মান ভারত নিয়েও কটাক্ষ করেন! বলেন, '' বলে আয়ুষ্মান ভারত নাকি করতে দেয়নি। কেন দেব? যদি কারও পাকা বাড়ি থাকে সে পাবে না, স্কুটার থাকলে পাবে না, ফোন থাকলে পাবেন না। তাহলে পাবে কে?
