বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের ISF প্রার্থী সবে মিরাজ খানকে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রস্তাব । গোপন জায়গায় বৈঠক করে পুরো বিষয়টি চূড়ান্ত করে ফেলতে বলা হয়েছিল, অভিযোগ মিরাজ খানের। কোনও অসুবিধা থাকলে তাও মিটিয়ে দেওয়া হবে, এই আশ্বাসও দেওয়া হয়েছিল, দাবি ISF প্রার্থীর। এ নিয়ে ২ জনের কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ২ পক্ষই অডিওর সত্যতা স্বীকার করেছে। তবে এবিপি আনন্দ এর অডিও-র সত্যতা যাচাই করেনি।২০২১-এ বিধানসভা নির্বাচনের আগেও নন্দীগ্রামে তোলপাড় ফেলেছিল ভাইরাল অডিও বিতর্ক। স্থানীয় বিজেপি নেতাকে ফোন করে সাহায্য চাওয়ার অভিযোগ ওঠে নন্দীগ্রাম তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
ভোটের মুখে ফের ভাইরাল-অডিও ঘিরে বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দু সেই নন্দীগ্রাম। ২০২১-এ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্যবাসী। এবারও সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তারই একসময়ের সহযোগী পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। এই আবহে সামনে এসেছে ফোনে কথোপকথনের এই অডিও। যেখানে তৃণমূলের নন্দীগ্রামের সামসাবাদ অঞ্চলের আহ্বায়ক মনসুর আলির সঙ্গে ISF প্রার্থী সবে মিরাজ খানের কথা হচ্ছে বলে দাবি। অভিযোগ, ISF প্রার্থীকে তৃণমূলে যোগের প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। ভাইরাল অডিওতে শোনা গেছে ভোট ভাগাভাগির প্রসঙ্গও।
