কলকাতা : দুপুর ১টা পর্যন্ত ৬১ শতাংশ ভোট পড়লেও, অশান্তি-মুক্ত, হিংসা-মুক্ত ভোট কই ! শেষ দফায় যেসব জায়গায় ভোট হচ্ছে, তারমধ্যে বিভিন্ন জায়গা থেকে একের পর এক গন্ডগোলের খবর সামনে আসছে। এবার ঘটনাস্থল উত্তর দমদম। ভয়ঙ্কর অভিযোগ আসছে সেখান থেকে।

Continues below advertisement

কী ঘটল উত্তর দমদমে...?  

উত্তর ২৪ পরগনা জেলার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুথের কাছেই হামলার অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছেন উত্তর দমদমের বিজেপি প্রার্থী। উত্তর দমদমের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার বলেন, "৬ নম্বর ওয়ার্ড । উত্তর দমদম পুরসভার কাছে একটি বুথে আমাদের কর্মী অর্পণ পালের ওপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। ওখানে তৃণমূলের একটা গুন্ডা আছে। তাঁর নাম সৌরভ সরকার। যাকে পিকু বলে ডাকে। কাপুরুষের মতো গলির মধ্যে একা তাঁকে ব্লেড দিয়ে পিঠে আক্রমণ করেছে। এই সৌরভ সরকারের নামে আমরা সকাল থেকে নিমতা থানায় বারংবার অভিযোগ করেছি। যে, সে ওখানে জমায়েত করছে। লোকদের প্রভাবিত করছে। যখনই কেন্দ্রীয়বাহিনী গেছে, কেন্দ্রীয়বাহিনী দেখে পালিয়ে গেছে। তারপর কাপুরুষের মতো এই হামলা করেছে।" 

Continues below advertisement

শেষ দফাতে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য প্রথম থেকেই সক্রিয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয়বাহিনী বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। কিন্তু, এ দফায় ভোট হওয়া বাকি আরও জেলাগুলির মতো উত্তর ২৪ পরগনাতেও একের পর এক অভিযোগ সামনে এসেছে। এদিন সকালের দিকে কাঁচরাপাড়ায় এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা হতে দেখা যায়। বুথের ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকায় বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে। নির্দল প্রার্থীর সঙ্গেও হাতাহাতি হয় তৃণমূল কাউন্সিলরের। বীজপুর বিধানসভায় কাঁচরাপাড়া পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সেখানে একটি বুথের সামনে বুথের ১০০ মিটারের মধ্যেই সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ কর তাঁর অনুগামীদের নিয়ে জমায়েত করেছিলেন। সেই সময় ঘটনাস্থলে পৌঁছান বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বিষয়টি নজরে আসার পর তিনি তৃণমূল কাউন্সিলরকে প্রশ্ন করেন যে কেন তিনি এত মানুষ নিয়ে বুথের সামনে রয়েছে। এই নিয়ে দু-পক্ষের মধ্যে ঝামেলা বাধে।