কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election 2026) প্রকাশিত হচ্ছে। দুপুর ১২ টার ট্রেন্ড বলছে ইতিমধ্যেই ১৯০ বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। ৯২ বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে, ২ কেন্দ্রে এগিয়ে রয়েছে বামেরা। ১ টি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর এগিয়ে রয়েছে ২ আসনে। যদিও এখনও গোনা হচ্ছে ২৮৭ টি সিটের ভোট। কিন্তু এবিপি আনন্দে প্রকাশিত এগজিট পোলের সঙ্গে এই ফল কতটা এক?
আরও পড়ুন: পানিহাটিতে রত্না দেবনাথ নাকি কলতান? নাকি বিধানসভা দখলে রাখবে তৃণমূলই?
টুডেজ় চাণক্য-র প্রকাশিত Exit Poll বলেছিল, ১৯২টি আসন পাবে বিজেপি। অর্থাৎ, একদম এগজিট পোলের মতোই আপাতত ফলাফলের অবস্থা। এ ছাড়াও তারা বলেছিল ১০০ আসন পাবে তৃণমূল। ইতিমধ্যেই ৯২ বিধানসভায় এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল।
আর এক সমীক্ষক সংস্থা পোল ডায়েরি আবার জানিয়েছিল, ১৪২ থেকে ১৭১ টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭ টি আসন। অন্যদিকে, ২ থেকে ৩ টে আসন পেতে পারে বামেরা। এ ছাড়াও কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫ টি আসন। তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, তাদের বলা আসনের থেকে অনেক বেশি সংখ্যক আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বিজেপি।
আরও পড়ুন: এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি, ১৫০-এর বেশি সিটে এগিয়ে তারা!
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ভোট হয়েছে ২ দফায়। গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ভোট গণনা আজ, ৪ মে।
ডিসক্লেমার : এটি ফলাফলের প্রাথমিক ট্রেন্ড। আর এই প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।
