বীরভূম, সিউড়ি : পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা বাড়বে, যুব সম্প্রদায়ের উন্নয়ন হবে, বীরভূমের সিউড়ির সভা থেকে এই প্রতিশ্রুতিই ঘুরেফিরে বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। এদিন সিউড়ির সভায় জনসমাগম দেখে মোদি বলেন, 'এই ভিড় পরিবর্তনের ঘোষণা করছে। বীরভূমেও পরিবর্তনের ঝড় উঠেছে। সর্বত্র একটাই আওয়াজ, পাল্টানো দরকার।' এরপরই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, 'আগে মা-মাটি-মানুষের কথা বলতো তৃণমূল। এখন মা কাঁদছে, অনুপ্রবেশকারীদের দখলে মাটি, ভয়ে রয়েছে মানুষ।' 

Continues below advertisement

এদিন সিউড়ির সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে আর জি করের নৃশংস ঘটনার প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই - এই প্রসঙ্গে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানোর সময়েই আর জি কর কাণ্ডের কথা বলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, আর জি করে নিহত চিকিৎসকের মা-কে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। পানিহাটি কেন্দ্র থেকে লড়বেন রত্না দেবনাথ। অন্যদিকে, সম্প্রতি মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তারও তীব্র প্রতিবাদ করেছেন নরেন্দ্র মোদি। মোথাবাড়িতে বিক্ষোভকারীরা দুপুর থেকে রাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল ৭ জন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন ৩ মহিলাও। এই প্রসঙ্গে মোদি বলেন, 'মালদায় জুডিশিয়াল অফিসারদেরও ছাড়া হয়নি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল। যেখানে যে সরকারই থাকুক না কেন, রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া সাংবিধানিক দায়িত্ব। তৃণমূল রাষ্ট্রপতিকেও সম্মান দেয় না, এটা দেশের সব আদিবাসী, মহিলার অপমান।' 

পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার পরিস্থিতি প্রসঙ্গে অভিযোগ করতে গিয়ে শাসক দলকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদি বলেন, 'বীরভূমে আদিবাসী স্কুলছাত্রীর সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটেছে। সন্তান হারানোর ক্ষতিপূরণ হয় না। একই ঘটনা আর জি কর মেডিক্যালের চিকিৎসকের সঙ্গে ঘটেছে। এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মা-বোনেদের আর্থিক সাহায্য় করা হয়। বিজেপি ক্ষমতায় এলে, এখানকার মহিলারাও উপকৃত হবেন, এটা মোদির গ্যারান্টি। যুব সমাজ অনেক চোখের জল ফেলেছে, ২৩ ও ২৯ এপ্রিল তার জবাব মিলবে। একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে। চাকরি নেই, কাজের জন্য ভিন রাজ্যে যেতে হয় এখানকার যুবকদের।' 

Continues below advertisement

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল। ২৩ এপ্রিল প্রথম দফা, ভোট গ্রহণ হবে ১৫২ আসনে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা, ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। আর ভোট গণনা আগামী ৪ মে। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে একটুও খামতি রাখতে চাইছে না বিজেপি। শুক্রবার অর্থাৎ আগামীকাল রাজ্যে আসছে অমিত শাহ। আর শনিবার ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।