কলকাতা : ভোট আসতে আর মাত্র কয়েকটাই দিন। তার আগে ঘন ঘন পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি। এসেছেন যোগী আদিত্যনাথও। জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার য়ূরেশ্বরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সামনের দেওয়াল লিখন পড়তে পারছি। ৫ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। বাংলার মানুষ দিদিকে টাটা বাই বাই বলতে তৈরি। দিদি, আপনার গুণ্ডাদের বোমাবাজিতে বাংলার মানুষ আর ভয় পাবে না। বাংলার মানুষ এবার বোমার জবাব ব্যালটে দেবে'। এরপরই খয়রাশোলের সভা থেকে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ।
৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে : শাহ
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে একপ্রকার স্পষ্ট ইঙ্গিত দেন শাহ। এই প্রশ্নে সরাসরি কোনও নাম না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ময়ূরেশ্বরের সভা থেকে তিনি দাবি করেন, ৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে
এরপর খয়রাশোলের সভায় অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলার মাটিতেই বড় হয়েছেন, বাংলায় পড়াশোনা করেছেন...এমন কোনও বিজেপির কার্যকর্তাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। অমিত শাহ বলেন, ' দিদি চায় তাঁর ভাইপো মুখ্যমন্ত্রী হোক। আপনারা বলুন ভাইপোকে মুখ্যমন্ত্রী করা উচিত? ওরা মিথ্যে প্রচার করছে যে বাংলা, দিল্লি থেকে চালানো হবে। আমি কবিগুরুর ভূমি বীরভূমে বলে যাচ্ছি, বাংলার আগামী মুখ্যমন্ত্রী, বাংলাতেই জন্ম নেওয়া, বাংলাতেই পড়াশোনা করা আর বাংলায় কথা বলা, বাংলার ব্যক্তিই হবে। কিন্তু দিদি আপনি খুশি হবেন না, তিনি তৃণমূলের হবেন না। আপনার ভাইপো হবেন না। বিজেপির কর্মী হবেন।'
বিজেপি ( Bharatiya Janata Party ) - র তরফে এখনও কোনও নির্দিষ্ট মুখ ঘোষণা করা হয়নি। তবে শাহর বক্তব্য থেকে স্পষ্ট —দল স্থানীয় বাঙালি মুখকেই সামনে আনতে চায়, যাতে রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা যায়। অমিত শাহ কর্মীদের সাহস জুগিয়ে বলেন, 'আমি সব বিজেপি কর্মীদের কথা দিয়ে যাচ্ছি, যারা আমাদের কর্মীদের উপর হামলা করেছে, তাদের সবাইকে পাতাল থেকে খুঁজে ৫মের পর গরাদের পিছনে পাঠাব। তৃণমূলের গুন্ডাদের এমনভাবে সোজা করব যে, ওদের কখনও রাজনৈতিক হিংসা স্বপ্নেও দেখবে না।'
