অরিজিৎ সিং প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর পর থেকেই মাথায় হাত সঙ্গীত অনুরাগীদের। অবাক বলিউডও। কারণ বহু সঙ্গীত পরিচালকই অরিজিতের কথা ভেবেই হয়ত গান লিখে বসে আছেন ! এখন কী হবে? সত্যিই কি আর সিনেমায় গান গাইবেন না তিনি? এই জল্পনার মধ্যেই অরিজিঙ সিংহর জিয়াগঞ্জের বাড়িতে হাজির হন আমির খান। সেখানে গিয়ে গায়ক পরিবারের সঙ্গে আনন্দ করে দিনযাপন করেন , ঘুড়িও ওড়ান ছাদ থেকে। কিন্তু হঠাৎ কেন অরিজিতের বাড়িতে আমির? এই নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। কী আবদার নিয়ে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন আমির?
অবশেষে অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে আমির খানের সফরের রহস্য এবার প্রকাশ্যে এল। জল্পনা ছিল, আমির বোধ হয় অরিজিৎকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমির জানান, তিনি তা করতে যাননি। বরং তাঁর জিয়াগঞ্জে যাওয়ার কারণ ছিল অন্য। আমির খান একটি সাক্ষাৎকারে জানান, তিনি ছেলে জুনেইদ খানের একটি ছবিতে অরিজিতের প্লে-ব্ল্যাক করার কথা ছিল। সেই ছবিতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীও। যুগলের অভিনীত ছবি 'একদিন'-এ কয়েকটি গান গাওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু এর মধ্যেই অরিজিৎ প্লে-ব্যাক সিঙ্গিং থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন। তাই আমিরের আশঙ্কা ছিল জুনেইদের অভিনীত ছবিতে আদৌ গান গাইবেন কি না। আমির জানান, অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় তার প্লে-ব্যাক সিঙ্গিং থেকে অবসরের কথা ঘোষণা করলেও, তিনি 'এক দিন'-এ গান গাইবেন। কারণ, 'এক দিন'-এ প্লেব্যাক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আগেই। তাই সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। জুনেইদের ছবিতে গান গাইবেন তিনি।
আমির খান এবং অরিজিৎ একসঙ্গে গানটি নিয়ে কাজ করছেন। নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে অরিজিৎকে ধন্যবাদ জানিয়েছেন আমির। বড়পর্দায় ১ মে মুক্তি পাবে 'একদিন'। কিছুদিন আগেই অরিজিৎ ঘোষণা করেছেন, কোনও সিনেমায় আর প্লেব্যাক করবেন না। সেই ঘোষণার পর আমির খান প্রযোজিত ছবিতে অরিজিতের নতুন গান নতুনভাবে আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
এরই মধ্যে কলকাতায় একেবারে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানে চমকে দিয়েছেন অরিজিৎ। অনুষ্কা শঙ্করের সঙ্গে যুগলবন্দিতে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। গেয়েছেন পণ্ডিত রবি শঙ্করের সুরে একটি গানও। অরিজিতের এই নতুন ধারার পরিবেশনায় মুগ্ধ কলকাতা।