মুম্বই :  ফের আতঙ্ক অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে।  এবার এল সোজাসুজি তাঁর মুম্বইয়ের 'জলসা'তে হামলার হুমকি । এসেছে হুমকির ইমেল। শুধু অমিতাভের বাড়ি নয়, মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায়  নাশকতার হুমকি এসেছে। 

Continues below advertisement

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পুর কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে এই হুমকিবার্তা পৌঁছয়। ভারতের মানুষের কাছে এই তারিখটি এক কথায় ভয়াবহ। ঠিক  ১৮ বছর আগে,২০০৮ সালের ২৬ নভেম্বরই মুম্বইতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। এই দিনেই এল এই হুমকি। ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শহরে।

এই বিষয়ে এনডিটিভি-র একটি রিপোর্টে বলা হয়েছে, এদিন সকাল ১০টা ১২ মিনিট নাগাদ এই হুমকি ইমেলটি আসে। সেখানে অমিতাভ বচ্চনের 'জলসা' বাংলোর পাশাপাশি মুম্বইয়ের মেয়রের দফতর এবং একটি আদালতের  উল্লেখ করা হয়েছে। এমনকী শহরের কয়েকটি মেট্রো স্টেশনেও বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মহালক্ষ্মী, সায়েন্স এবং আচার্য মেট্রো স্টেশনে ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে IED বিস্ফোরণ ঘটানো হতে পারে বলা হুমকি দেওয়া হয়েছে।  মুম্বইয়ে খলিস্তানি অপারেটিভরা গ্রেনেড নিয়ে শহরে  ঢুকেছে বলেও দাবি করা হয়েছে ইমেলে। তবে এই দাবিগুলির সত্যতা এখনও যাচাই করা হয়নি। 

Continues below advertisement

দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানেও হামলার হুঁশিয়ারি

শুধু অমিতাভ বচ্চনের বাড়ি নয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান ঘিরেও হুমকি দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর একটি কনসার্ট রয়েছে। ওই অনুষ্ঠান বাতিল না হলে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে । পাশাপাশি, আগামী ৩০ দিন ধরে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলার হুমকিও দেওয়া হয়েছে। ইমেলে খলিস্তান ন্যাশনাল আর্মি এবং বাব্বর খালসার মতো সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও টেনে আনা হয়েছে সেখানে। অমিতাভ বচ্চন এবং দিলজিৎ দোসাঞ্জের নামও ওই প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে।

এর আগেও হুমকি পেয়েছিল 'জলসা'

 এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'কে নিশানা করে হুমকি দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবরও মুম্বইয়ের মেয়রের দফতরে একটি হুমকিবার্তা এসেছিল। সেখানেও অমিতাভের বাড়ি এবং দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানের উল্লেখ ছিল। সেই সময় পুলিশ তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই হুমকির ঘটনার পরই অমিতাভের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। এমনকী অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ও তাঁকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা গিয়েছিল।

২৬/১১-র ক্ষত কোনওদিন শুকিয়ে যাওয়ার নয়। বিভীষিকাময় এই তারিখেই দিনেই ফের এমন হুমকি সামনে আসায় মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক প্রশাসন। ইমেলের উৎস এবং হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।