কলকাতা: সিনেমার শ্যুটিং হয়ে গিয়েছে আগেই, তবে মুক্তির দিন ঘোষণা হয়নি। বরং কথা ছিল, ক্রিসমাসে মুক্তি পাবে দেব (Dev) অভিনীত, 'টনিক ২'। তবে সেই সিনেমার মুক্তির দিন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ক্রিসমাসে আসতে চলেছে দেবের নতুন সিনেমা, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ (Bike Ambulance Dada)। নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায়, বিনয় এম মুদগিলের পরিচালনায় এবং দেবের অভিনয়ে প্রকাশ্যে এল সিনেমার টিজার। এই ছবি বাস্তবের ছোঁয়াচ পাওয়া। করিমুল হকের জীবন নিয়েই, তৈরি হয়েছে এই সিনেমার গল্প।

Continues below advertisement

পর্দায় ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র গল্প

সময়মতো চিকিৎসার সুযোগ না পাওয়ায় নিজের মাকে হারিয়েছিলেন করিমুল হক। সেই ঘটনাই যেন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বদলে গিয়েছিল তাঁর জীবন। সেই ব্যক্তিগত শোকই একদিন হয়ে ওঠে তাঁর জীবনের নতুন উদ্দেশ্য। আর কোনও মানুষকে যেন একই পরিণতির সম্মুখীন হতে না হয়, সেই সংকল্প নিয়েই শুরু হয়, তাঁর জীবন বাঁচানোর লড়াই। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের কাছে তাঁর মোটরবাইকই হয়ে ওঠে জীবনরক্ষার অন্যতম ভরসা। তাঁর নিঃস্বার্থ সেবা ও মানবিকতার এই অসাধারণ দৃষ্টান্ত তাঁকে এনে দিয়েছে পদ্মশ্রী সম্মান। করিমুল হকের জীবনকে ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। বাস্তব জীবনের নায়ক করিমুল হকের ভূমিকায় দেখা যাবে দেবকে। দেব ছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), পার্থসারথি চক্রবর্তী, লোকনাথ দে (Loknath Dey), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), ইন্দ্রাশিস রায় (Indrasish Roy), সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairiti Banerjee)  সহ অন্যান্য শিল্পীরা।

Continues below advertisement

নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন গুরুপদ অধিকারী, প্রদীপ কুমার নন্দী ও দেব অধিকারী। ছবির পরিচালক বিনয় এম মুদগিল এবং ক্রিয়েটিভ ডিরেক্টর দেব অধিকারী। ছবির গল্প ও চিত্রনাট্য বিনয় এম মুদগিলের, সংলাপ লিখেছেন রোহিত সৌম্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড় (আইএসসি) এবং সম্পাদনায় মহম্মদ কালাম। ছবির সংগীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য ও তমালিকা গোলদার। আবহসঙ্গীতেক দায়িত্বে রয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

মুখোমুখি ৩ ছবি

প্রসঙ্গত, এই একই দিনে মুক্তি পাচ্ছে, পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)-এর 'ফ্যামিলিওয়ালা'। আগামী ২৪ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসে মুক্তি পাবে সুমন ঘোষের নতুন এই সিনেমা। এই ছবিতেই দীর্ঘদিন পরে নন্দিতা রায় এবং নিজে ছাড়া অন্য কোনও পরিচালকের পরিচালনায় অভিনয় করছেন শিবপ্রসাদ। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও অন্যান্যরা। এই একই দিনে মুক্তি পাবে 'কিংগ' (King) ছবিটি। শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবিও মুক্তি পাচ্ছে বছরের শেষে। ফলে মুখোমুখি হবে ৩টে ছবি। যা হয়ে চলেছে বেশ কয়েক বছর ধরেই। শাহরুখের ছবির সঙ্গে সঙ্গে মুক্তি পেলেও, বাংলা ছবির স্বার্থরক্ষা হবে তো? এই প্রশ্ন রয়ে যাচ্ছে।

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: ভরসা যোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন