কলকাতা: টেকনিশিয়ান্সদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি শেয়ার করে নিয়েছিলেন যে, টেকনিশিয়ান্সদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন তিনি। গতকাল সেই মতো, স্টুডিওতে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন বহু টেকনিশিয়ান্স। তবে ভিড় একটাই যে, একদিনে সমস্ত রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি। সেই কারণে, ফের ১৫ তারিখ অর্থাৎ আগামীকাল আরও একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তবে দেব আজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, সেটি ভোট ঘোষণার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।
আজ নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট ঘোষণা করার কথা ছিল। সেইমতো আজ বিকেলে নির্বাচনের কমিশনের তরফ থেকে ভোট ঘোষণা করা হয়। এবার পশ্চিমবঙ্গে ২ দফায় হবে ভোট। ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। ৫ রাজ্যের মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ২ দফায় ভোট হবে। অসমে ১ দফায় ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে। কেরলে ১ দফায় ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে। পুদুচেরিতে ১ দফায় ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে।
তবে আজ, নির্বাচন ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন যে, আগামীকাল যে ক্যাম্পের ঘোষণা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। দেব লিখেছেন, 'আজ নির্বাচন ঘোষণার সম্ভাবনার প্রেক্ষিতে, স্বাস্থ্য সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন শিবিরটি আপাতত স্থগিত হতে পারে, কারণ সেই ক্ষেত্রে Model Code of Conduct কার্যকর হবে। সবকিছু ঠিক থাকলে, নির্বাচনের পর আবারও এই শিবিরের আয়োজন করা হবে, যাতে বাকি টেকনিশিয়ান এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন। পরবর্তী আপডেট সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হবে।'
গতকাল স্বাস্থ্যসাথীর কাজ কেমন চলছে, তা দেখতে স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন দেব। সঙ্গে গিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও।
