বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
ব্ল্যাকবাক শিকার: সলমন খানকে খুনের হুমকি গ্যাংস্টার লরেন্স বিশনইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2018 09:18 AM (IST)

যোধপুর: সলমন খানকে খুনের হুমকি দিল পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনই। কেন সে তাঁকে খুন করতে চায়, সে ব্যাপারে লরেন্স কিছু বলেনি। তবে মনে করা হচ্ছে, ব্ল্যাকবাক হরিণ শিকারই তার সলমনকে এই হুমকি দেওয়ার আসল কারণ, কেন না রাজস্থানের বিশনই সম্প্রদায়ের কাছে এই হরিণ পূজ্য, তাদের আবেগের বিষয়। লরেন্স সাধারণ কোনও গুন্ডা নয়, পঞ্জাবে তার কুখ্যাত দুষ্কৃতীদের দল রয়েছে, যোধপুরের এক নামী ব্যবসায়ীকে সে খুন করেছে বলে অভিযোগ। এই মুহূর্তে লরেন্স জেলে কিন্তু সে হুঁশিয়ারি দিয়েছে, চাইলে যে কোনও জেল পালাতে পারে সে। গতকাল লরেন্সকে ব্যবসায়ী খুনের মামলায় যোধপুরের একটি আদালতে তোলা হয়। শুনানির পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সে হুমকি দিতে শুরু করে। বলে, এই যোধপুরেই খতম করে দেবে সলমন খানকে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া তার কাছে কোনও ব্যাপার না, তবে এখনই জেল পালানোর তার ইচ্ছে নেই। যোধপুর পুলিশ জানিয়েছে, এই গ্যাংস্টারের হুমকি তারা হালকাভাবে নিচ্ছে না, এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে।